নতুন করে পুরোনো আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটা সিরিজ শেষ। আবারও একই আশ্বাস। ঘরোয়া ক্রিকেটে পেস বোলিং সহায়ক উইকেট বানানো হবে। আশ্বাসটা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কাল গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে উইকেট পরিবর্তনের বিষয়টি আমাদের মাথায় আছে। আমাদের নতুন নতুন পেস বোলার বের করতে হবে। সে জন্য ফাস্ট বোলিং সহায়ক উইকেট বানাতে হবে।’
প্রতিটি হোম সিরিজ শেষেই বিসিবি কর্মকর্তাদের মুখে এমন কথা শোনা যায়। কিন্তু বাস্তবায়ন আর পরে হয় না। উল্টো উইকেট এতটাই স্পিন সহায়ক হয়ে যায় যে, গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে এমনও ম্যাচ দেখা গেছে যে ম্যাচে একটি দল মাত্র একজন পেসার বা পেসার ছাড়াই খেলেছে। অবশ্য বিসিবি সভাপতির এবারের প্রতিশ্রুতিতে একটা দিকনির্দেশনা আছে, ‘অনেক দল শুধু স্পিনারদের নিয়ে দল গড়ে। পেসারদের নিচ্ছে না। সে জন্য ঘরোয়া ক্রিকেটের দলগুলোকে বাধ্যতামূলক দুই থেকে তিনটি ম্যাচ সিমিং উইকেটে খেলতে হবে। সেটা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, এমনকি প্রিমিয়ার লিগেও। আবাহনী, মোহামেডানের মতো বড় দলকেও এ রকম ২-৩টি ম্যাচ খেলতে হবে। যাতে আমরা ফাস্ট বোলারদের প্রতি মনোযোগী থাকতে পারি।’
ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি ম্যাচ পাতানোর বিতর্কও উঠেছে। গত মার্চে শেষ হওয়া জাতীয় লিগের শেষ পর্বে ঢাকা মহানগর ও রংপুরের ম্যাচে ঢাকা মহানগর স্বেচ্ছায় হেরেছে বলে অভিযোগ আছে। বিকেএসপিতে ঢাকা মহানগরের শেষ উইকেটটি যখন পড়ল, শেষ দিনের খেলার বাকি ছিল মাত্র চার মিনিট। সন্দেহটা উসকে দিয়েছে ওটাই। এ নিয়ে বিসিবির কাছে লিখিত অভিযোগ করেছে শিরোপার আশায় থাকা খুলনা বিভাগীয় দল। বিসিবি সভাপতি অবশ্য কঠোর অবস্থানের কথাই জানালেন, ‘আমরা যখন আশরাফুলকে একচুলও ছাড় দিইনি, এখানেও ছাড় দেওয়া হবে না।’
সভাপতি যত কঠোরই হোন, ম্যাচ রেফারির রিপোর্টে ম্যাচ পাতানো সম্পর্কে সন্দেহ দূরে থাক মন্তব্যই প্রকাশ করেননি। তদন্ত করার ভিত্তিটাই তাই নেই বিসিবির হাতে। নাজমুল হাসানও স্বীকার করেছেন এই দুর্বলতার কথা, ‘ম্যাচ রেফারির রিপোর্টে কিছুই বলা হয়নি। ম্যাচ রেফারির রিপোর্টে কিছু না থাকলে তদন্ত হবে কিসের ভিত্তিতে?’ তার পরও আশ্বাস দিলেন, ‘যেহেতু বাইরে থেকে শুনেছি, আমরা একটা তদন্ত কমিটি করব এবং ডিসিপ্লিনারি কমিটিকে বলব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এটাকে হালকা করে দেখার সুযোগ নেই।’
ঘরোয়া ক্রিকেট ছাড়িয়ে বিসিবি সভাপতি কথা বলেছেন মুশফিকুর রহিমের টেস্ট অধিনায়কত্ব নিয়েও। দুই দিন আগে সংবাদমাধ্যমে বলেছিলেন, ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়ক মুশফিকই থাকবেন। কাল সীমানাটা আরেকটু বাড়িয়ে জানালেন, ‘এ বছরের মধ্যে মুশফিকের অধিনায়কত্ব পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। মুশফিকের চেয়ে ভালো বিকল্পও এ মুহূর্তে আমাদের হাতে নেই।’ মুশফিকের অধিনায়কত্বেরও প্রশংসা ঝরেছে তাঁর কণ্ঠে, ‘এখন পর্যন্ত আমাদের যে কয়টি সাফল্য, তার বেশির ভাগই মুশফিকের অধিনায়কত্বে। ওর অধিনায়কত্ব নিয়ে আমরা চিন্তিত নই।’
ব্যাটসম্যান মুশফিকের কাছে অবশ্য বিসিবি সভাপতির চাওয়া আছে আরও। অধিনায়কত্ব বা উইকেটকিপিংয়ের কারণে তাতে নেতিবাচক প্রভাব পড়লে যেকোনো একটা বেছে নেওয়ার সিদ্ধান্ত মুশফিকেরই নেওয়া উচিত বলে মনে করেন নাজমুল হাসান। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে মুশফিকের ব্যাটিং-ব্যর্থতার যুক্তিসংগত কারণ দেখছেন তিনিও ‘উইকেটকিপিং করতে গিয়ে সে ব্যথা পেয়েছিল। আমার মনে হয় সে জন্যই তার ব্যাটিংটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’