হুসেইন বলছেন, কাজটা কঠিন

>করোনার কারণে ক্রিকেটারদের অভ্যাসে বড় পরিবর্তন আসবে। আবার আছে কিছু ইতিবাচক দিকও।
বোলারদের হাতে বল গেলেই হলো। লালা, থুতু মিশিয়ে বল উজ্জ্বল করা শুরু করেন প্রায় প্রত্যেকেই। ক্লাব ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট থেকেই এই অভ্যাস গড়ে ওঠে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও তা-ই করে থাকেন বোলাররা। উইকেট পেলে এক হয়ে উদযাপন করাও ক্রিকেটারদের অভ্যাস। ক্রিকেট মাঠে এসব একদমই স্বাভাবিক ঘটনা।
কিন্তু করোনাভাইরাস এসে ক্রিকেট মাঠের এসব স্বাভাবিক ঘটনা অস্বাভাবিক করে তুলছে। আইসিসি ক্রিকেট বলে থুতু বা লালা ব্যবহার নিষিদ্ধ করেছে। ক্রিকেটারদের বলা হচ্ছে দূরত্ব বজায় রেখে খেলতে। কিন্তু দীর্ঘদিনের অভ্যাস তো হুট করেই চলে যাবে না। ক্রিকেটারদের নতুন করে নিজেদের করোনাকালের ক্রিকেটের জন্য প্রস্তুত করতে হবে। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন কাজটাকে সহজ মনে করছেন না।
তিনি বলেন, 'কিছু কিছু কাজ ক্রিকেটাররা তাদের ক্যারিয়ারের ১০ বছর ধরে করে আসছে। বল উজ্জ্বল করা, উদযাপন করা, এই কাজ গুলো কঠিন হবে সবার জন্য। বলে লালা মাখতে সবাই অভ্যস্ত। এখন সেটা ওরা করতে পারবে না। ওদের মস্তিস্ককে আবার প্রশিক্ষণ দিতে হবে।'
ইংলিশ অধিনায়ক জো রুট আবার ইতিবাচক দিকটা দেখছেন। এতে কোন কিছুর সাহায্য ছাড়াই বোলারদের সুইং করানোর দক্ষতা বাড়বে বলে মনে করেন রুট, 'বোলারদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করবে। কোন কিছুর সাহায্য না পাওয়া মানে হচ্ছে আপনাকে বোলার হিসেবে খুবই ভালো নিয়ন্ত্রণ রাখতে হবে। বোলারদের উইকেট নেওয়ার ভিন্ন উপায় বের করতে হবে। সেটা ক্রিজের পাশ থেকে, নতুন কোণ সৃষ্টি করে, উইকেট থেকে ভিন্ন উপায়ে সাহায্য নিয়ে, বলের সিম কাঁপিয়ে হতে পারে। এতে পাঁচ-ছয় সপ্তাহে আমাদের বোলাররা আরও পরিণত হয়ে উঠবে।'