নতুন করে বিশ্বকাপের দল দেবে পাকিস্তান

পাকিস্তানের বিশ্বকাপ দলে পরিবর্তন আসবে?ফাইল ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই তোপের মুখে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে সর্বসাধারণের মধ্যে। এমনকি সাবেক ক্রিকেটাররাও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করছেন সুযোগ পেলেই। শহীদ আফ্রিদিও আছেন সেই দলে।

ক্রিকেট পাকিস্তানের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে শহীদ আফ্রিদি দল নিয়ে অসন্তুষ্টি গোপন করেননি। দলে কিছু কিছু খেলোয়াড়ের উপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। কিছু খেলোয়াড়কে না দেখে বিস্মিত হওয়ার কথাও জানিয়েছেন। তবে পাকিস্তান–সমর্থকদের আশার বাণী শুনিয়েছেন। বলেছেন, খুব দ্রুত পরিবর্তন এনে নতুন করে বিশ্বকাপের দল ঘোষণা করবে পাকিস্তান।

দল নিয়ে সন্তুষ্ট নন শহীদ আফ্রিদি
ফাইল ছবি

বিশ্বকাপ দল নিয়ে নিজের অসন্তুষ্টি গোপন করেননি সাবেক অধিনায়ক। নতুন বোর্ডপ্রধান হিসেবে রমিজ রাজাকে স্বাগত জানালেও নতুন বোর্ডের দল নিয়ে প্রশ্ন রেখেছেন আফ্রিদি, ‘দল নির্বাচন দেখে আমি খুবই বিস্মিত হয়েছি। দলে থাকা দুই বা তিনজন খেলোয়াড় কেন আছে, সেটা বুঝতে পারছি না। কয়েকজনকে কীভাবে বাদ দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারছি না।’

আফ্রিদির মতোই দল নিয়ে প্রশ্ন অনেকেরই। তবে আফ্রিদি বলছেন, বিশ্বকাপের আগেই ভুল শুধরে নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, ‘আমি কিছু তথ্য পেয়েছি এবং বিশ্বকাপের আগে পিসিবি সম্ভবত কিছু পরিবর্তন এনে আবার দল ঘোষণা করবে।’

বাবরের দলে নতুন করে কাকে চাইছেন আফ্রিদি?
ফাইল ছবি : এএফপি

আগামী ১০ অক্টোবরের মধ্যে বিশ্বকাপের দলে যেকোনো পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম সপ্তাহের শুরুতেই বলেছেন, দলে পরিবর্তন আনায় কথা মাথায় আছে তাঁদের, ‘বিশেষ পরিস্থিতিতে এবং বিশেষ ক্ষেত্রে, দরকার হলে দলে পরিবর্তন আনব।’

ওয়াকার ইউনিস ও মিসবাহ–উল–হকের ওপর অসন্তুষ্ট আফ্রিদি
ফাইল ছবি

দল নিয়ে অসন্তুষ্টি থাকলেও বিশ্বকাপে পাকিস্তানকে পূর্ণ সমর্থনই দেবেন আফ্রিদি। তাঁর আশা, এক যুগ পর আবার পাকিস্তানে ফিরবে বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপের আগেই দলের কোচিং প্যানেলে রদবদল পছন্দ হয়নি আফ্রিদির, ‘এত কম সময় পাচ্ছে যে আমার মনে হয় না ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডার খুব বেশি প্রভাব রাখতে পারবে। মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিস যদি নিজ থেকেই পদত্যাগ করে থাকেন, তবে বলব পাকিস্তান ক্রিকেট দলের অনেক বড় ক্ষতি করেছেন তাঁরা। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করা উচিত ছিল।’

আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ।