নতুন করে শুরুর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনের ফাঁকে একটু বিশ্রাম পেয়ে আড্ডা জমে উঠল সাকিব-নাসির-এনামুল-মিঠুনদের। কাল ইনচনে l প্রথম আলো
অনুশীলনের ফাঁকে একটু বিশ্রাম পেয়ে আড্ডা জমে উঠল সাকিব-নাসির-এনামুল-মিঠুনদের। কাল ইনচনে l প্রথম আলো

সংদো এলএনজি অনুশীলন মাঠ থেকে গেমস ভিলেজে ফিরে কিছুক্ষণ পর আবার বেরিয়ে পড়লেন চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে পর্যবেক্ষক হিসেবে আসা বিসিবির পরিচালক জালাল ইউনুস। উদ্দেশ্য, ইওনহাই ক্রিকেট মাঠে গিয়ে নেপাল-মালদ্বীপ ম্যাচটা দেখা।

হাথুরুসিংহের সেখানে যাওয়ার উদ্দেশ্য যতটা না ওই দুই দলের খেলা দেখা, তার চেয়ে বেশি উইকেটের আচরণ সম্পর্কে ধারণা নেওয়া। মহিলা ক্রিকেটের অভিজ্ঞতা বলছে, ইওনহাই ক্রিকেট মাঠের উইকেটে বল একটু ধীরে আসবে, আসতে পারে নিচু হয়েও। তার পরও ব্যাপারটা একবার চর্মচক্ষে দেখে নিতে চাইলেন বাংলাদেশ কোচ।

যে দেশের বেশির ভাগ মানুষ ক্রিকেটের নামই শুনেছে এবারের এশিয়ান গেমস উপলক্ষে, সে দেশে উইকেট, বল বা অন্য যেকোনো বিষয় নিয়েই ছোটখাটো সমস্যা থাকাটা স্বাভাবিক। এসবের সঙ্গে তাই মানিয়ে নেওয়ারই চেষ্টা করছে বাংলাদেশ দল। তার পরও মাঠ-উইকেট নিয়ে কোচের বাড়তি আগ্রহের কারণটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট যে কেবলই তলানির দিকে যাচ্ছে, সবাই সেটার শেষ দেখতে চায় এই এশিয়ান গেমসে। গতবারের সোনাজয়ী দল হিসেবে এবারও বাংলাদেশের প্রত্যাশা সোনা। এশিয়ান গেমসে সত্যি সত্যি আবারও সোনালি সাফল্য ধরা দিলে বাংলাদেশ দলের জন্য নতুন শুরু হতে পারে সেটা।

দ্বিপক্ষীয় সিরিজ বা টুর্নামেন্ট আর গেমস ক্রিকেট ভিন্ন জিনিস। এখানে আলোটা শুধুই ক্রিকেটের ওপরই নয়। সব দেশ আর সব খেলার সঙ্গে একাকার হয়ে ক্রিকেটও আরেকটা ডিসিপ্লিনই মাত্র। যত বড় তারকাই হোন, ক্রিকেটাররা এখানে ভিন্ন গ্রহের কেউ নন। আর দশজন অ্যাথলেটের মতো তাঁরাও একেকজন সাধারণ অ্যাথলেট। একই গেমস ভিলেজে একই সুযোগ-সুবিধার মধ্যে থাকা বা বিশাল ডাইনিং হলে একসঙ্গে বসে খাওয়া-দাওয়ার ব্যাপারটা তো আছেই, মিডিয়ার চোখও এখানে শুধু তাঁদের ওপরই নয়। সাকিব আল হাসান যত ভালোই খেলুন না কেন, এখানে তার চেয়েও বড় তারকা হয়ে উঠতে পারেন ১০০ মিটার স্প্রিন্ট বা সাঁতারে সোনাজয়ী কোনো অ্যাথলেট।

ক্রিকেটারদের ওপর তাই চাপও কম গেমসের খেলায়। বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিতে চান নির্ভার ক্রিকেটের এই সুযোগটাই। কাল অনুশীলন শেষে এই প্রতিবেদককে বলছিলেন, ‘নতুন শুরুর জন্য এই পরিবেশটা খুব ভালো। এটা ভালো একটা সুযোগ। গেমস ভিলেজে ছেলেরা দেখছে কীভাবে অন্য অ্যাথলেটরা প্রস্তুতি নেয়। এ রকম পরিবেশে প্রস্তুতিতে ভালোভাবে মনোযোগ দেওয়া যায়।’ ব্যাটসম্যান মাহমুদউল্লাহও এশিয়ান গেমসটাকে দেখছেন নিজেদের ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে, ‘বেশ কিছুদিন ধরেই আমরা ভালো ফল পাচ্ছি না। এশিয়ান গেমসে ভালো করে সে দুঃসময়টা কাটিয়ে উঠতে পারি আমরা।’

বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারের কাছেই গেমস ক্রিকেট ব্যাপারটা নতুন। তবে কোচ হাথুরুসিংহের মতো দলের শ্রীলঙ্কান ফিজিও মারিও ভিলাভারায়েনও পারেন তাদের এ সম্পর্কে ভালো ধারণা দিতে। ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমস ক্রিকেটে দুজনই ছিলেন শ্রীলঙ্কা দলের প্রতিনিধি। প্রসঙ্গটা তুলতেই হাথুরুসিংহে ফিরে গেলেন অতীতে, ‘কমনওয়েলথ গেমস এটার চেয়ে একটু বড় ছিল। তবে বেশির ভাগ জিনিস প্রায় একই রকম। ওই সময়ে গেমস ক্রিকেটটা আমাদের জন্যও ছিল সতেজ হয়ে ওঠার একটা সুযোগ। অন্য অ্যাথলেটদের সঙ্গে মেশা, তাদের আচরণ, প্রস্তুতি এসব দেখা সব সময়ই অন্য রকম অভিজ্ঞতা।’ মারিওরও একই কথা, ‘এখানে এসেই আমার কমনওয়েলথ গেমসের কথা মনে পড়েছে। এত অ্যাথলেটের সঙ্গে থাকা, খেলা—দারুণ ব্যাপার ছিল সেটা।’

ইনচনে আসার পর গত দুই দিনেই সে অভিজ্ঞতা মোটামুটি হয়ে গেছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। এদিক দিয়ে সবচেয়ে ভাগ্যবান বলা যায় এনামুল হককে (বিজয়)। ইনচনে এসে যেন পুনর্মিলনীর আমেজে আছেন এই ওপেনার, ‘এখানে বিকেএসপিতে আমার ২০০৬ ব্যাচের অনেককে পেয়েছি। তাদের দেখে খুবই ভালো লাগছে। অন্যান্য ইভেন্টে খেলতে এসেছে ওরা। একসঙ্গে আড্ডা দিচ্ছি। গল্প করছি।’

ঢাকায় ২০১০ এসএ গেমসে খেলার সুবাদে গেমস ক্রিকেট সম্পর্কে কিছুটা ধারণা আগে থেকেই আছে তাঁর। তার পরও ইনচন এশিয়ান গেমস যেন আরও বড় জানালা খুলে দিল এনামুলের সামনে, ‘এখানে এসে অনেক কিছু জানা যাচ্ছে। কোন খেলার কী অবস্থা, কারা বেশি পদক পাচ্ছে, চায়না-কোরিয়ার অবস্থা বা আমাদের দেশের অ্যাথলেটদের কথাও জানতে পারছি। ভিলেজে সবাই একসঙ্গে থাকছি, খাচ্ছি। বড় সুপারস্টাররা পাশে আছে। সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা।’

এনামুল চান অভিজ্ঞতাটা হয়ে উঠুক আরও মধুর। সেটার একটাই উপায়, এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জয়। এই লক্ষ্য পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন সাকিব আল হাসান। বিসিবির ছয় মাসের বহিষ্কারাদেশ তিন মাসেই উঠে যাওয়ায় সোহাগ গাজীর পরিবর্তক হয়ে এশিয়ান গেমস খেলার সুযোগ পেয়েছেন। আরও অনেকের মতো এনামুলও মনে করেন, সাকিবের উপস্থিতি সোনা জয়ের কাজটা সহজ করে দেবে, ‘সাকিব ভাই আসাতে আমাদের দলটা অনেক শক্তিশালী হয়েছে। স্বাভাবিক খেলা খেললেই আমরা জয়ী হতে পারব এবং ক্রিকেটের সোনা আমাদেরই থাকবে।’

টানা ব্যর্থতায় অন্ধকারে ডুবে যাওয়া বাংলাদেশের ক্রিকেট একটু আলোর আশায় এখন সেটিরই দিন গুনছে।