নতুন কোচের সন্ধানে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় দলের সঙ্গে আর থাকছেন না রবি শাস্ত্রী? ছবি: এএফপি।
ভারতীয় দলের সঙ্গে আর থাকছেন না রবি শাস্ত্রী? ছবি: এএফপি।

তাহলে কি শেষই হয়ে যাচ্ছে ভারতীয় দলে রবি শাস্ত্রীর রাজত্বের কাল? অনুরাগ ঠাকুর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধানের পদে বসে যে কর্মসূচি ঘোষণা করেছেন, তার অগ্রভাগেই আছে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগ। বোর্ডপ্রধানের নতুন ঘোষিত কর্মসূচিতে নিজের চাকরির ‘শেষ’ই দেখতে পাচ্ছেন রবি শাস্ত্রী ও তাঁর তিন সহযোগী সঞ্জয় বাঙ্গার, আর শ্রীধর ও ভারত অরুণ।

আগামী দু-এক দিনের মধ্যেই ভারতীয় দলের নতুন প্রধান কোচ ও তাঁর সহযোগীদের জন্য বিজ্ঞাপন দেবে বোর্ড। ২০১৪ সালের ইংল্যান্ড সফরের মাঝপথে ‘টিম ডিরেক্টর’ হিসেবে নিয়োগ পেয়েছিলেন শাস্ত্রী। একই সঙ্গে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে যোগ দেন অরুণ, বাঙ্গার ও শ্রীধর। টিম ডিরেক্টর পদেই দলের প্রধান কোচের দায়িত্ব কার্যত পালন করে আসছিলেন শাস্ত্রী। গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শেষ হয়ে যায় এই সাবেক ভারতীয় ক্রিকেটারের চুক্তির মেয়াদ।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং হেড কোচ হিসেবেও সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাঙ্গারের। দুই মৌসুম ধরে দলটি আইপিএলের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে গোত্তা মেরে পড়ে আছে। ২০১৪ সাল থেকে পাঞ্জাবের সঙ্গে আছেন শ্রীধরও। ভারত অরুণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দলটাও বোলিংয়ে দুর্বল।


আগামী ১০ জুনের মধ্যে কোচের পদে আবেদনপত্র চাওয়া হচ্ছে বলে বিসিসিআই জানিয়েছে। এই পদে দেশি-বিদেশি যে–কেউই আবেদন করতে পারবেন।

এ ব্যাপারে বিসিসিআই প্রধান ঠাকুর বলেছেন, ‘আমরা চাই যোগ্যরাই আবেদন করুক। যে–কেউ। তাঁরা আসুক আবেদন নিয়ে। ভারতীয় ক্রিকেট দলের জন্য যাঁকে সবচেয়ে ভালো মনে হবে, তাঁকেই আমরা নিয়োগ দেব।’

ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বের বাইরে আপাতত ধারাভাষ্যেই সময় কাটছে শাস্ত্রীর। গতকাল রোববার কলকাতায় একটি ক্রিকেট একাডেমি উদ্বোধন করতে এসে নিজের ভবিষ্যৎ নিয়ে নির্লিপ্তই থেকেছেন। বলেছেন, ‘বিষয়টা পুরোপুরি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। ওরা কোচ হিসেবে কাকে চায়, সে ব্যাপারে সিদ্ধান্ত নিক। এ ব্যাপারে এই মুহূর্তে কথা বলে কোনো লাভ নেই।’ সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।