নতুন গল্প লিখতে চায় যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ শাণ দিচ্ছেন ব্যাটে, কেউ হাত পাকিয়ে নিচ্ছেন বোলিংয়ে, কেউ আবার দারুণভাবে ক্যাচ লুফে নিতে একাগ্র। কাল বিসিবি একাডেমি মাঠের এই ছবিটা বলে দিল, শুরু হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতি।
২৭ জানুয়ারি ঘরের মাঠে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবেন বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম ম্যাচ মিরপুরে, ১১ জানুয়ারি। পরের দুটি চট্টগ্রামে, ১৪ ও ১৬ জানুয়ারি। অনুশীলনের প্রথম দিনে যুবদলের কোচ মিজানুর রহমান জানালেন, আপাতত চোখ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই, ‘বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই আপাতত আমাদের মনোযোগ। এর পর মনোযোগ দেব বিশ্বকাপে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের বড় আক্ষেপ, কাপ পর্বে একবারের বেশি খেলতে না-পারা। শ্রীলঙ্কায় ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সাকিব-মুশফিক-তামিমদের দলটি। এখন পর্যন্ত ওঠাই যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন সিরিজে সাফল্য পেলেও বাংলাদেশ কেন সেটা পায় না বড় মঞ্চে? নিজেদের মধ্যে অহেতুক চাপ তৈরিই মূল কারণ মনে করেন ২০১০ থেকে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত থাকা মিজান, ‘প্রস্তুতি ম্যাচ কিংবা সিরিজে আমরা ভালো খেলি। কিন্তু বিশ্বকাপের মূল পর্বে গিয়ে সব এলোমেলো হয়ে যায়। বিশ্বকাপ এমনই জায়গা, একটা ম্যাচে খারাপ করলেই ছিটকে পড়তে হয়। গত বিশ্বকাপের কথাই ধরুন, পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার সমান ছিলাম। তবে রানরেটে পিছিয়ে পড়ে খেলা হলো না কাপ পর্বে। এটা হয় আসলে বয়সের কারণে। ছেলেরা ভালো খেলে। তবে নিজেরা অপ্রয়োজনীয় চাপ নিয়ে নেয়।’
মিজান যে অনভিজ্ঞতার কথা বললেন, এবার সে ক্ষেত্রে দলটা অন্য রকম। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই দলে থাকা পাঁচজন গত বিশ্বকাপেও খেলেছেন। শুধু তা-ই নয়, বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি জাতীয় লিগেও খেলেছেন কেউ কেউ। ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে এসব অভিজ্ঞতা দারুণ কাজে লাগবে বলেই মনে করেন কোচ, ‘এবার আশা করি, কাপ পর্বে খেলব। আমাদের এখানেই খেলা। দলে পাঁচজন অভিজ্ঞ খেলোয়াড়ও আছে। তারা কেবল বিশ্বকাপই খেলেনি, জাতীয় লিগও খেলেছে।’
অধিনায়ক মিরাজের সামনে অনন্য এক রেকর্ডের হাতছানি। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে মিরাজ হবেন প্রথম খেলোয়াড়, যুব বিশ্বকাপে যিনি টানা দ্বিতীয়বার নামছেন অধিনায়কের ভূমিকায়। তাঁর অধিনায়কত্ব প্রশংসা পাচ্ছে কোচেরও, ‘মিরাজ এ বয়সেই ভালো অধিনায়ক। খেলাটা ভালো বোঝে। কোন সময় কী করতে হবে, বুঝতে পারে। আগের বিশ্বকাপে অধিনায়ক ছিল। এবারও আছে। এখন সে অনেক পরিপক্ব। সে শুধু অধিনায়ক নয়, পারফরমারও। নতুন বলে বোলিং করতে পারে, ব্যাটিং বিপর্যয়ে দাঁড়িয়ে যেতে পারে উইকেটে।’
রেকর্ড তো আছেই, মিরাজের সামনে শিরোপা জিতে বিরাট ইতিহাস গড়ার হাতছানি। ঘরের মাঠে বিশ্বকাপটা তাই রঙিন করে রাখতে চান যুবদলের অধিনায়ক, ‘অনূর্ধ্ব-১৯ দলে ঢুকেই স্বপ্ন দেখেছি, বিশ্বকাপ জিতব। যদিও বাংলাদেশ কখনো ফাইনাল এমনকি সেমিফাইনালও খেলেনি। এবার আমাদের কন্ডিশনে বিশ্বকাপ। সবকিছুই আমাদের পক্ষে। ভালো কিছু করার সুযোগ আছে।’
কন্ডিশন, অভিজ্ঞতা, গত এক বছরের সাফল্য—সবই বাংলাদেশের অনুকূলে। বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টে দীর্ঘদিনের আক্ষেপটা কি এবার মিরাজরা দূর করতে পারবেন?