নতুন চুক্তিতে ১৪ ক্রিকেটার
তবে কী পারফরম্যান্সের ছায়া পড়ছে ক্রিকেটারদের প্রাপ্তিযোগেও! বছরের শেষ দিকে হওয়া জিম্বাবুয়ে সিরিজ ছাড়া ২০১৪ সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বন্দী ছিল ব্যর্থতার বৃত্তে। সে কারণেই কি না, এ বছর বেতন বাড়ছে না ক্রিকেটারদের। চূড়ান্ত সিদ্ধান্তটা আগামীকালের বোর্ড সভায় হওয়ার কথা থাকলেও জানা গেছে, খেলোয়াড়দের বেতন বাড়ানোর ব্যাপারে কোনো সুপারিশ নেই ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে।
ক্রিকেটারদের বেতন অবশ্য গত বছরই বেশ বাড়িয়েছিল বিসিবি। চুক্তির শ্রেণী ভেদে সেটি ছিল ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। বেতন বাড়ার পর গত বছর ‘এ+’ শ্রেণীর ক্রিকেটারেরা মাসিক বেতন পেয়েছেন ২ লাখ টাকা করে। বাকি চার শ্রেণীর এ রকম: ‘এ’-১ লাখ ৭০ হাজার, ‘বি’-১ লাখ ২০ হাজার, ‘সি’-৯০ হাজার ও ‘ডি’-৬০ হাজার টাকা। এর বাইরে দায়িত্ব ভাতা হিসেবে অধিনায়ক পান বাড়তি ২০ হাজার টাকা ও সহ-অধিনায়ক ১০ হাজার টাকা।
নতুন বছরেও ক্রিকেটারদের চুক্তির শ্রেণী বিন্যাস এরকমই থাকবে, একই থাকবে বেতনের অংকও। তবে এ ব্যাপারে কালই চূড়ান্ত কিছু বলতে রাজি হননি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘ক্রিকেটারদের বেতন বাড়বে কি বাড়বে না, সে সিদ্ধান্ত হবে ১৫ জানুয়ারির বোর্ড সভায়।’
বেতন না বাড়লেও চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। ২০১৪ সালে সংখ্যাটা ছিল ১২, এবার তা বেড়ে হচ্ছে ১৪ জন। চুক্তি থেকে বাদ পড়ছেন আবদুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী। নতুন ঢুকছেন ইমরুল কায়েস, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন ও আরাফাত সানি। এদের মধ্যে শেষের তিন জন আসবেন ‘ডি’ শ্রেণীতে, প্রথম দুই জন ‘বি’ শ্রেনীতে। ‘বি’ শ্রেণীতে আগে থেকেই আছেন রুবেল হোসেন ও নাসির হোসেন। ‘ডি’ শ্রেণী থেকে রবিউল বাদ পড়লেও মুমিনুল হক আর এনামুল হকের (বিজয়) উত্তরণ ঘটবে ‘সি’ শ্রেণীতে। রাজ্জাক বাদ পড়ায় ‘এ’ শ্রেণীতে থাকবেন শুধু মাহমুদউল্লাহ। আর সবার ওপরের ‘এ+’ শ্রেণীতে থাকবেন আগের চার ক্রিকেটারই-মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।