নতুন চ্যাম্পিয়নের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ নভেম্বর থেকে ৪ জানুয়ারি। ৭ সপ্তাহ, ৮১ ম্যাচ। জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। শেষ রাউন্ডে শিরোপার নিষ্পত্তি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগটা আকর্ষণ ধরে রাখল শেষ দিন পর্যন্ত। শেষ দিনে এসে অবশ্য শিরোপার লড়াইয়ে মাত্র দুটি দল—প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। যার অর্থ এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। পাচ্ছে পাঁচ মৌসুমে পঞ্চম চ্যাম্পিয়নও।
সুযোগটা প্রাইম ব্যাংকেরই বেশি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর সঙ্গে না হারলেই চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট ব্যাংকের, প্রতিদ্বন্দ্বী দোলেশ্বরের পয়েন্ট ২২। তাই আজ বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে শুধু জিতলেই চলছে না দোলেশ্বরের, তাকিয়ে থাকতে হচ্ছে আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচের ফলের ওপরও।
যেহেতু মুখোমুখি লড়াইয়ে হিসাবটা সমান, তাই প্রাইম ব্যাংক হেরে গেলে এবং দোলেশ্বর জিতলে চ্যাম্পিয়ন হবে নেট রানরেটে এগিয়ে থাকা দল। তবে আজ দোলেশ্বর হেরে গেলে আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচের ফল যা-ই হোক না কেন প্রথমবারের মতো লিগ জিতবে প্রাইম ব্যাংক।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার পয়েন্ট
প্রাইম ব্যাংক ১৫ ১২ ৩ ২৪
দোলেশ্বর ১৫ ১১ ৪ ২২
আবাহনী ১৫ ১০ ৫ ২০
কলাবাগান সিএ ১৫ ৯ ৬ ১৮
মোহামেডান ১৫ ৮ ৭ ১৬
রূপগঞ্জ ১৫ ৮ ৭ ১৬