নতুন চ্যালেঞ্জের মুখে লঙ্কান ক্রিকেট

শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দিনের সূচনা হতে যাচ্ছে শুক্রবার। পাল্লেকেল্লেতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে টস করতে নামার আগে লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুস নিশ্চয়ই তাঁর একাদশের দিকে তাকিয়ে ফেলবেন ছোট্ট একটি নিঃশ্বাস। কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনে—লঙ্কান ক্রিকেটের দুই মহারথীকে ছাড়াই যে সেদিন খেলতে নামবে তাঁর দল।
পনেরোটা বছর যেন পেরিয়ে গেল চোখের নিমেষেই। এই সময়টা শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে আর তাতে সাঙ্গাকারা আর জয়াবর্ধনে নেই—এমন ঘটনা খুব বেশি ঘটেনি। চোট বা অন্য কারণে হয়তো এই দুই মহাতারকা খেলতে পারেননি, কিন্তু ক্রিকেটকে ‘বিদায়’ বলে দেওয়ার পর তাঁদের অনুপস্থিতি যে এই প্রথম! শুক্রবার লঙ্কান ক্রিকেটের একটি নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে ম্যাথুসের হাত ধরে।
জয়াবর্ধনে টেস্টকে বিদায় বলেছেন বছরই হতে চলল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও তিনি ইতি ঘটিয়েছেন নিজের ক্যারিয়ারের। সাঙ্গাকারাও হেঁটেছেন একই পথে। টি-টোয়েন্টি আর ওয়ানডেকে বিদায় বলা হয়ে গেছে, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে টেস্টকেও বিদায় বলবেন। তাঁর আগে পাকিস্তানের বিপক্ষে এই টেস্টটায় নিজেকে সরিয়ে রাখাটা যেন তাঁর অবসরজীবনের ওয়ার্মআপ। গোটা দলকেও কী প্রস্তুত করা নয়! ২০০০ সালের জুলাইয়ে সাঙ্গাকারার অভিষেকের পর এই শূন্যতাটা যে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য নতুন কিছুই।
ব্যাপারটার জন্য কী আসলেই প্রস্তুত শ্রীলঙ্কা? লঙ্কান ক্রিকেট কী তৈরি এই দুই অনন্য-অসাধারণ সৈনিকের শূন্যতা পূরণে? দলপতি ম্যাথুস অবশ্য বাস্তবতাকেই উপজীব্য মানছেন এই ব্যাপারে, ‘এই দুই তারকার শূন্যস্থান পূরণটা মোটেও সহজ কিছু নয়। ব্যাপারটা হবে বেশ কষ্টসাধ্য। এ ব্যাপারে আমাদের ধৈর্য ধরতে হবে।’
এই মুহূর্তে শ্রীলঙ্কান টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক ম্যাথুস। তাঁর ঝুলিতে আছে ৪৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা। নিজের মাঝারি অভিজ্ঞতাতেই তাঁকে নেতৃত্ব দিতে হবে একটি প্রায়-অনভিজ্ঞ দলের। ম্যাথুস ছাড়া আর কোনো ব্যাটসম্যানেরই যে ২০টি টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। সাঙ্গাকারার শূন্যতা পূরণে লঙ্কানদের শরণাপন্ন হতে হবে উপুল থারাঙ্গা, জিহান মুবারাক কিংবা কৌশল পেরেরাদের। এঁরা সাঙ্গাকারার অভাব পূরণ করতে পারবেন কিনা—এই প্রশ্নটাই তো নিতান্ত অবান্তর।
লঙ্কান ক্রিকেটের নতুন দিনের শুরুটা হয়ে গেছে। এই পথটা বন্ধুর হবে নাকি মসৃণ, তা সময়ই বলে দেবে। সূত্র: এএফপি।