‘নতুন’ জীবনে ফিরলেন সৌরভ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলীফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরভ গাঙ্গুলী ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। ফিরেছেন বাড়ি। বলেছেন, তিনি জীবনে ফিরেছেন।

গত শনিবার সকাল বাড়ির ট্রেডমিলের হাঁটার সময় বুকে ব্যথা অনুভব করার পর সময় নষ্ট করেননি। প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে চলে আসেন। এনজিওগ্রাম করে দেখা যায়, তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লকেজ। এর একটিতে ৯০ শতাংশ। স্টেন্টিং করার পর চার দিন হাসপাতালে কাটিয়ে আজ সকালে বাড়ির দিকে রওনা হন তিনি।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সফলতমদের একজন। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। কলকাতার যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যত্নের কমতি ছিল না সেখানে। পাঁচ দিন ধরে সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর কে নেননি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিনই ছুটে গিয়েছিলেন হাসপাতালে। কপিল দেব থেকে বিরাট কোহলি টুইট করেছেন তাঁর সুস্থতা কামনা করে। দীর্ঘদিনের সঙ্গী শচীন টেন্ডুলকার তো স্ত্রী ডোনা গাঙ্গুলীকে ফোন করেই নিয়েছেন বন্ধুর খোঁজখবর। ফোন দিয়েছিলেন লতা মঙ্গেশকরের মতো ব্যক্তিত্বও।

শুরু হচ্ছে সৌরভের নতুন জীবন।
ফাইল ছবি

বিশেষ ফ্লাইটে করে বেঙ্গালুরু থেকে উড়িয়ে আনা হয়েছিল দেবী শেঠিকে, ভারতের প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। তিনি অবশ্য সৌরভকে পরীক্ষা-নিরীক্ষা করে সবুজ সংকেতই দিয়েছেন। বলেছেন, ঠিক সময়ে চিকিৎসা পেয়েছেন সৌরভ। ঠিক সময়ের হাসপাতালে আসায় বড় বিপদ হয়নি। দেবী শেঠিই বলেছেন, আপাতত বাকি দুটি ব্লকেজ খুব সামান্য হওয়ায় এখনই তাতে স্টেন্ট বসানোর কোনো দরকার নেই।

হাসপাতাল ছাড়ার সময় সবাইকে ধন্যবাদ দিয়েছেন সৌরভ। তবে ‘জীবনে ফিরছি’ বললেও সৌরভের পরবর্তী জীবন ‘নতুন ধরনের’ই হতে যাচ্ছে। কিছুটা কঠোর নিয়মের বেড়াজালে বন্দী হতে যাচ্ছেন ‘দাদা’। এমনিতেই খুব নিয়ন্ত্রিত জীবন যাপন করতেন তিনি। এখনে সেই নিয়ন্ত্রণের মাত্রাটা বাড়বে স্বাভাবিকভাবেই। ভারতীয় গণমাধ্যম হাসপাতালের সূত্রে জানিয়েছে, কয়েক সপ্তাহ চিকিৎসকদের পরামর্শ মতো চলতে হবে তাঁকে। মাঝেমধ্যেই হাসপাতালে এসে পরীক্ষা করাতে হবে তাঁকে।