নতুন ঝামেলায় শেন ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাতব্য প্রতিষ্ঠান নিয়ে ঝামেলায় পড়েছেন ওয়ার্ন। ফাইল ছবি
দাতব্য প্রতিষ্ঠান নিয়ে ঝামেলায় পড়েছেন ওয়ার্ন। ফাইল ছবি

শেন ওয়ার্নের সঙ্গে বিতর্ক যেন হাত ধরাধরি করে হাঁটে। খেলার মাঠে স্লেজার হিসেবে ওয়ার্নের জুড়ি মেলা ছিল ভার। সঙ্গে ডোপ পাপে এক বছরের নিষেধাজ্ঞা, বাজিকরদের সঙ্গে সম্পৃক্ততা, পরকীয়া— সব মিলিয়ে ওয়ার্ন কখনোই আলোচনার বাইরে থাকতেন না। কিন্তু এবার যে বিষয়টি নিয়ে ঝামেলায় পড়েছেন ওয়ার্ন, তাতে বিস্মিত হতেই হচ্ছে। নিজের গড়ে তোলা দাতব্য প্রতিষ্ঠান নিয়ে ঝামেলায় ফেঁসেছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার।
অধিকারবঞ্চিত এবং দুরারোগ্য অসুখে ভোগা শিশু-কিশোরদের জন্য ২০০৪ সালে এই লেগ স্পিনার প্রতিষ্ঠা করেছিলেন ‘দ্য শেন ওয়ার্ন ফাউন্ডেশন’। এক যুগ ধরে এ উদ্দেশ্যে কাজ করে চলেছে তাঁর এই প্রতিষ্ঠান। সমমনাদের কাছ থেকে তহবিল তুলে শুরু করা এই প্রতিষ্ঠান এখন বেশ বড় এক সংগঠনে পরিণত হয়েছে। এই একটি বিষয়ে তিনি সব সময়ই প্রশংসা পেয়েছেন। কিন্তু এবার সেটিও পড়ল প্রশ্নের মুখে। ভোক্তাদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কনজুমার অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া’ (সিএভি) ওয়ার্নের প্রতিষ্ঠানকে নিরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে।

সিএভি গতবছর বারবার তাগাদা দিয়ে ওয়ার্নের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের তথ্য আদায় করতে পারেনি। সে জন্যই পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার সুবিধার্থে এখন এই নিরপেক্ষ নিরীক্ষা করানোর নির্দেশ। তাঁদের এক মুখপাত্র জানান, ‘সিএভি বেশ কয়েকবার বেশ কিছু জরুরি তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে। কিন্তু আমাদের যে তথ্য দেওয়া হয়েছিল তা যথেষ্ট নয়। সে জন্য ২৪ ডিসেম্বর সিএভি ওয়ার্নের ফাউন্ডেশনের কাছে গত সাড়ে তিন বছরের তহবিল সংগ্রহের তথ্যের অডিট রিপোর্ট চেয়েছে।’
ওয়ার্ন অবশ্য পুরো বিষয়টিকেই দেখছেন ষড়যন্ত্র হিসেবে। তাঁর লুকোনোর কিছু নেই দাবি করে বলেছেন, ‘যে কেউ চাইলে আমাদের হিসাব দেখতে পারে। আমরা গত ১২ বছরে কী করেছি তা দেখুন। আমাদের লুকোনোর কিছু নেই।’
তবে এরইমধ্যে এই বিষয়টিতে তাঁর ক্ষতি হয়ে গেছে। তহবিল সংগ্রহের উদ্দেশে আগামী সপ্তাহে একটি পোকার টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল, কিন্তু নতুন এই অভিযোগের পর তা বাতিল হয়ে গেছে। ওয়ার্ন না কি তাঁর ফাউন্ডেশনই বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন! সূত্র: দ্য গার্ডিয়ান