নতুন টুর্নামেন্ট নিয়ে ফিরছেন টেন্ডুলকার-ওয়ার্ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও মাঠে নামছেন টেন্ডুলকার-ওয়ার্ন? ফাইল ছবি
আবারও মাঠে নামছেন টেন্ডুলকার-ওয়ার্ন? ফাইল ছবি

শচীন টেন্ডুলকার আর শেন ওয়ার্নের নামের মধ্যে পুরোনো দিনের সৌরভ খুঁজে পান পাঠক। দুজনের মুখোমুখি হওয়া মানেই ছিল ব্যাট আর বলের রোমাঞ্চকর এক লড়াই। সে স্মৃতি আওড়ে অনেকেই নস্টালজিক হয়ে ওঠেন। কেউ কেউ ভাবেন, সেই দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত! হ্যাঁ, আবার হয়তো সে দিন ফিরে পাওয়া যাবে।
চমকপ্রদ খবরটা দিয়েছে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকা। খবরে জানা গেছে, এ বছরের শেষ দিকে সাবেক তারকাদের নিয়ে ‘ক্রিকেট অল স্টারস লিগ’ নামের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু হতে পারে। সে টুর্নামেন্টে আয়োজনের মূল পরিকল্পনায় রয়েছেন টেন্ডুলকার ও ওয়ার্ন। প্রায় সাড়ে তিন বছর ধরে চলবে এ লিগ। আর টুর্নামেন্টে ১৫ ম্যাচ খেলতে সাবেক ২৮ তারকা খেলোয়াড়কে প্রস্তাব করেছেন টেন্ডুলকার-ওয়ার্ন।
টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেয়েছেন ব্রেট লি, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল ভন, অ্যান্ড্রু ফ্লিনটফ, জ্যাক ক্যালিসের মতো সাবেক বড় বড় তারকারা। প্রতি ম্যাচে খেলোয়াড়েরা পাবেন ২৫ হাজার মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে, এ বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের তিন শহর নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও শিকাগোতে শুরু হতে পারে এ লিগ।
‘দ্য অস্ট্রেলিয়ান’ জানিয়েছে, ‘ওয়ার্ন এখন ব্রিটেনে। তবে বেশ সক্রিয়ভাবেই তাঁর উদ্যোগের ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। ইঙ্গিত দিয়েছেন, তিনি ও টেন্ডুলকার একটি ব্যবসায়ী উদ্যোগ নিচ্ছেন, যেটি এ বছরেই চালু হতে পারে।’ সাবেক খেলোয়াড়দের নিয়ে এমন উদ্যোগ টেনিস, গলফে থাকলেও ক্রিকেটে আগে দেখা যায়নি। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।