নতুন বছরে নতুন আশা মুশফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

অধিনায়কত্বের চাপটা আর নেই। এপ্রিলে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের আগে সেটা থাকবেও না। তার পরও কি পুরোপুরি নির্ভার হওয়া যায়? প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের নেতৃত্ব যে মুশফিকুর রহিমেরই কাঁধে! আজ আবার সেই দলের মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই ম্যাচে আবাহনীকে হারাতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষেও চলে যেতে পারে দোলেশ্বর।
কাল মিরপুরে অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া মুশফিকের চোখও ছিল সেদিকে, ‘সুপার লিগের প্রথম দুটি ম্যাচে আমাদের পারফরম্যান্স আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। আবাহনীর বিপক্ষে কাল (আজ) বড় ম্যাচ। চেষ্টা করব গত দুই ম্যাচে যেভাবে পারফর্ম করেছি, কালও তিনটা বিভাগেই সেভাবে ভালো খেলে ম্যাচ জিততে।’
এবারের ঢাকা প্রিমিয়ার লিগ বিশ্বকাপের ছায়ায় ঢাকা। প্রাথমিক দলের ৩০ খেলোয়াড়ের মধ্যে যাঁর পারফরম্যান্সই একটু ভালো হচ্ছে, তাঁর চোখ চলে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি শুরু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। আর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য তো এটা বিশ্বকাপেরই প্রস্তুতি। মুশফিকের সঙ্গে প্রিমিয়ার লিগের কথোপকথনেও তাই এল বিশ্বকাপ প্রসঙ্গ। ‘এখন যেহেতু আন্তর্জাতিক খেলা নেই, বিশ্বকাপের আগে প্রিমিয়ার লিগের মতো আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটা ম্যাচ খেলাও ভালো। যারা এখানে ভালো করছে বিশ্বকাপের জন্য তাদের আত্মবিশ্বাস বাড়বে’—বলছিলেন মুশফিক।
সুপার লিগের খেলা শেষ হবে ৩ জানুয়ারি। এরপর আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা বিশ্বকাপের অনুশীলন। মুশফিক অবশ্য লিগের ম্যাচ খেলার পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে চলমান ভারত-অস্ট্রেলিয়া সিরিজের খেলাগুলো নিয়মিত দেখছেন টেলিভিশনে। চোখ রাখছেন অন্য দলের খেলায়ও। তবে একটা বিষয় নিয়ে একটু চিন্তিতই মনে হলো তাঁকে, ‘অস্ট্রেলিয়ার উইকেট কী রকম হতে পারে, সে সম্পর্কে ধারণা আছে। কিন্তু অনেক দিন হলো সেখানে খেলিনি। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০০৬-এ সর্বশেষ খেলেছিলাম।’
বাংলাদেশ দল অনেক দিন অস্ট্রেলিয়ায় না খেললেও সেখানকার উইকেটে পেসাররা সাহায্য পাবেন, এটাই সাধারণ ধারণা। যদিও দ্বিমত পোষণ করছেন মুশফিক, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, এ রকম বড় একটা ইভেন্টে খুব বেশি সুইঙ্গিং বা সিমিং উইকেট হবে না। হয়তো বাউন্সি হবে, সেটা স্বাভাবিক। কাজেই ব্যাটসম্যানদের জন্য রান করাটা খুব বেশি কঠিন হবে না।’ সঙ্গে একটা শর্তও জুড়ে দিচ্ছেন, ‘আমরা যদি সাইড শটগুলো রপ্ত করতে পারি, তাহলেই রান করা সহজ হবে। বেশির ভাগ কাজ ব্যাটসম্যানদেরই করতে হবে। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’
২০১৪ সালটা ভালো যায়নি বাংলাদেশ দলের জন্য, ভালো যায়নি অধিনায়ক মুশফিকুর রহিমেরও। তবে একজন ব্যাটসম্যান হিসেবে এ বছর বেশ সফলই বলতে হবে তাঁকে। ওয়ানডেতে ১৮ ম্যাচে ১৭ ইনিংস খেলে ৪৪ গড়ে করেছেন ৭০৪ রান। টেস্টে ১৩ ইনিংসে ৩৯.৩৬ গড়ে রানটা ৪৩৩। বিশ্বকাপ দিয়ে শুরু হতে যাওয়া নতুন বছরেও পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান মুশফিক। সঙ্গে চান দলীয় সাফল্যও, ‘এ বছরটা আমার ভালো গেছে। আশা করব, পরের বছর এর ধারাবাহিকতা থাকবে। তবে ব্যক্তিগতভাবে আপনি যতই ভালো খেলেন, দিন শেষে দল ভালো না খেললে সেটা অর্থহীন। নতুন বছরে দল হিসেবে যেন আমরা ভালো খেলি, সবাইকে নিয়ে যেন ভালো খেলতে পারি।’
বিশ্বকাপের বছরে এই প্রত্যাশা সবারই। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার জল-হাওয়ার সঙ্গে খাপ খাইয়ে বড় কিছু করতে পারলে ক্রিকেটের মানচিত্রে আরও উজ্জ্বল হবে বাংলাদেশের নাম। দলের প্রতিনিধি হয়ে মুশফিকের কথায়ও সে আশার প্রতিধ্বনি, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমরা ভালো খেলতে পারলে দল হিসেবে অনেকের কাছেই বার্তা দেওয়া যাবে যে, এ রকম কন্ডিশনে বাংলাদেশ দল ভালো খেলতে পারে। দল হিসেবে আমরা বিশ্বকাপে ভালো খেলার জন্য মুখিয়ে আছি।’