নতুন বছরে ম্যাককালামের লক্ষ্য
নয় টেস্টে পাঁচ জয়। দেশে ভারতকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজেও সিরিজ জয়। এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের সঙ্গে সিরিজ ড্র করে ফেরা। টেস্টে ক্রিকেটে স্বপ্নসম ২০১৪ সালটি নিউজিল্যান্ড শেষ করেছে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে।
নিজেদের টেস্ট ইতিহাসের সেরা বছরটির সুখস্মৃতি নিয়েই ২০১৫ সালটা শুরু করছে নিউজিল্যান্ড। নতুন বছরে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের চাওয়া সাফল্যের ধারাবাহিকতা থাকবে ২০১৫ সালেও। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রথম পদক্ষেপটা ওয়েলিংটনেই ফেলছে নিউজিল্যান্ড। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টটা শুরু আজই। ঝলমলে একটা বছরের পরও টেস্ট র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড পড়ে আছে সপ্তম স্থানে। কাল সতীর্থদের এই তথ্যটা মনে করিয়ে দিয়েছেন ম্যাককালাম, ‘হ্যাঁ, বছরটা ভালো কেটেছে। তবে র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান নিয়ে খুশি নই। তাই আমাদের চাওয়া আরও ভালো করা। গত বছর গড়া ভিত্তির ওপর আরও এগিয়ে যাওয়ার সুযোগ আমাদের সামনে।’
প্রথম টেস্টের প্রথম দিনে ১৩৪ বলে ১৯৫ রানের বিস্ফোরক এক ইনিংস খেলা ম্যাককালাম এবার খেলবেন প্রিয় ভেন্যু বেসিন রিজার্ভে। গত বছর ভারতের বিপক্ষে এখানেই প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ম্যাককালাম। এবার কিউই অধিনায়ককে বেঁধে রাখতে ওয়েলিংটনে ছক কষেই নামার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে (ম্যাককালামের জন্য), আমরা এখন তাকিয়ে আছি পরিকল্পনাগুলোর বাস্তবায়নে। সে যেহেতু অর্থোডক্স নয়, তাই ফিল্ডিং সাজানোটা মুশকিল। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তার ভুলের জন্য।’
তবে শুধু ম্যাককালামই নন, ম্যাথুসকে ভাবতে হচ্ছে নিউজিল্যান্ডের বোলিং নিয়েও। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডে পেসারদের গতি ও সুইংয়ে নাকাল হয়ে ১৩৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ম্যাচটাও শেষ হয়ে গিয়েছিল ওখানেই। সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন ম্যাথুস, ‘ওদের কিছু বোলার আছে যারা আপনাকে নাকাল করে দেবে। গত কয়েক বছর ধরেই সাউদি ও বোল্ট বেশ ভালো করছে। তারা অবশ্যই স্টেইন ও মরকেলের মানের।’ এএফপি, ক্রিকইনফো।