নতুন বছরে স্মিথের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্মিথ
স্টিভেন স্মিথ

শেষ ভালো যার, সব ভালো তার—এই হিসেবে স্টিভেন স্মিথকে বিদায়ী বছরটা রাঙিয়ে দিয়েই গেছে। বছরের একেবারে শেষ সময়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠেছেন। তবে গত বছরটা স্মিথের কাছে অনেক কারণেই অন্য রকম। প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতি তো আছেই, তাঁর অধিনায়কত্বের শুরুও গত বছর। সেই পরীক্ষায় এখন পর্যন্ত খুব একটা খারাপ করেননি। তবে স্মিথকে আসল চ্যালেঞ্জের সামনে পড়তে হবে এ বছর। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া, দেশের বাইরে স্মিথের প্রথম দফা পরীক্ষাও হয়ে যাবে।
ভারতের সঙ্গে সিরিজেই অধিনায়কত্বের অভিষেক হয়েছিল। তবে স্মিথ-যুগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অ্যাশেজ শেষে মাইকেল ক্লার্কের বিদায়ের পর। তবে দেশের বাইরে তাঁর প্রথম পরীক্ষাটা হবে তাসমান সাগরপাড়ের প্রতিবেশী নিউজিল্যান্ডে। কিছুদিন আগেই অবশ্য নিজেদের মাঠে কিউইদের হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ায় লেখা কলামে স্মিথ লিখেছেন, প্রতিবেশীদের মাঠে গিয়ে খেলাটা সহজ হবে না, ‘ওখানে বল একটু বেশি সুইং করতে পারে, আমাদের কাজটা সহজ হবে না। অস্ট্রেলিয়ার চেয়ে ওখানকার উইকেট একটু মন্থরও। অন্যসব সফরের চেয়ে আমাদের খুব দ্রুত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’
নিউজিল্যান্ডের পর একেবারেই ভিন্ন কন্ডিশনে স্মিথদের খেলতে হবে শ্রীলঙ্কার সঙ্গে। এশিয়ায় অস্ট্রেলিয়ার সর্বশেষ স্মৃতিটা সুখের নয়, আরব আমিরাতে বছর খানেক আগে পাকিস্তানের কাছে হেরেছিল দুই টেস্টেই। স্মিথের স্বীকারোক্তি, ‘বছরের মাঝামাঝি শ্রীলঙ্কায় গিয়ে খেলাটা হবে বড় চ্যালেঞ্জ, নিউজিল্যান্ডের চেয়ে সেটা একটু অন্য রকম হবে, তবে কোনোভাবেই সহজ হবে না। ওখানে উইকেটে বেশ স্পিন ধরবে, রিভার্স সুইংয়েরও সুযোগ থাকবে। আমাদের দক্ষতার অনেক রকম প্রমাণ দিতে হবে।’ স্মিথ জানেন, অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য এই দুই সফরের পরই মাপা হবে, ‘এই দলটা গত এক বছরে অনেকটাই বদলে গেছে। তবে আমার কোনো সংশয় নেই, শেষ পর্যন্ত দেশের বাইরে কীভাবে খেলল সেটা দিয়েই দলকে বিচার করা হবে, সেটা বিশ্বের যেখানেই হোক না কেন।’
এই দুই সফরের মধ্যে আরেকটা পরীক্ষা আছে, সেটা অবশ্য ঠিক স্মিথের নয়। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপটা অধরা থেকে গেছে অস্ট্রেলিয়ার, সেই পরীক্ষায় এবার নেতৃত্ব দিতে হবে অ্যারন ফিঞ্চকে। স্মিথ অবশ্য সেই দলে থাকতে পারাটাকেই আপাতত লক্ষ্য মানছেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য ১৫ জনের দলে থাকা। মনে হয় আমার ভালো সুযোগ আছে। দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সঙ্গে ৫৩ বলে ৯০ রান করেছিলাম।’
আপাতত স্মিথ এসব ভাবনা সরিয়ে রাখতে পারেন। সিডনিতে আজ ভোরেই যে শুরু হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের শেষ টেস্ট। আগের দুই টেস্টেও জিতেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া।