নতুন বাঁকে দুদেশের ক্রিকেট সম্পর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাঁকে দুই দেশের ক্রিকেট সম্পর্ক! বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আইসিসির প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল ও আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনের মধ্যে যে টানাপোড়েন চলছিল, তাতে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কের অবনতির আশঙ্কাই জেগেছিল প্রায় সবার মনে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে শ্রীনিবাসনের উত্তরসূরি হিসেবে যিনি বসেছেন, সেই জগমোহন ডালমিয়ার কথা মানলে আপনি বলবেন, সম্পর্কের অবনতি তো হয়ইনি, আরও উষ্ণ হয়েছে। ডালমিয়া বলেছেন (আসলে লিখেছেন) দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক পৌঁছেছে নতুন বাঁকে।
তাঁর আমন্ত্রিত অতিথি হিসেবে অষ্টম আইপিএলের ফাইনাল দেখে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক ও বর্তমান সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও নাজমুল হাসানকে আলাদা করে লেখা ধন্যবাদজ্ঞাপক পত্রে ডালমিয়া লিখেছেন, ‘কয়েক বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কটা দৃঢ় হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের সফর এই মহান খেলাটিকে একই সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটি মাইলফলক গড়ে দিল।’ বিসিবির পাশাপাশি ডালমিয়া অবশ্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকেও একইভাবে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। পিটিআই।