নতুন বিসিসিআই প্রধান সৌরভ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের রায়ে ওলট-পালট হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বরখাস্ত হয়েছেন বিসিসিআইর সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে। নতুন কমিটি হওয়ার আগ পর্যন্ত বোর্ডের জ্যেষ্ঠতম সহসভাপতি অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন—এটাও রায়ে বলে দিয়েছেন ভারতের শীর্ষ আদালত। স্বভাবতই প্রশ্ন উঠছে, কে হচ্ছেন বিসিসিআইয়ের নতুন প্রধান? বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমে জোর গুঞ্জন, এ পদটা পেতে পারেন সৌরভ গাঙ্গুলী!
ভারতের সাবেক এই অধিনায়ক এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আদালতের রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌরভকেই এ পদের সবচেয়ে বড় দাবিদার বলেছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও, ‘বিসিসিআইয়ে অনেক বড় নামই আছে, যাঁরা এই দায়িত্ব নিতে পারেন। আমার মাথায় সবার আগে সৌরভের নামটাই আসছে। ১৯৯৯-২০০০ সালের দিকে যখন ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতীয় ক্রিকেট টালমাটাল ছিল, সৌরভের নেতৃত্বেই ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছে।’
তবে সার্বিকভাবে এবার সুপ্রিম কোর্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিসিসিআইয়ের ক্ষতি হয়েছে বলেই মনে করেন গাভাস্কার, ‘আন্তর্জাতিকভাবে আমাদের বোর্ডের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যখন সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়, সেটা সবাই মানতে বাধ্য। অথচ জুলাইয়ে নির্দেশনা পাওয়ার পর তারা এখন পর্যন্ত সেগুলো পুরোপুরি পালন করেনি।’ এনডিটিভি।