নতুন বিসিসিআই সভাপতি সিকে খান্না?

প্রথমে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সৌরভ গাঙ্গুলীর নাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে তাঁকেই সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছিল। বিশেষ করে পশ্চিম বাংলার সংবাদমাধ্যমগুলোয় এ নিয়ে অনেক লেখালেখিও হয়েছে। তবে এখন শোনা যাচ্ছে সৌরভ নন, অন্তর্বর্তীকালীন বিসিসিআই সভাপতি হতে পারেন বিসিসিআইয়ের জ্যেষ্ঠতম সহসভাপতি সিকে খান্না।
কাল এক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ক্রিকেট প্রশাসক হিসেবে একজন রাজ্য অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ নয় বছর ও বিসিসিআইয়ে আরও নয় বছর থাকতে পারবেন। ইতিমধ্যে যাঁরা এই নিয়মের বাইরে চলে গেছেন, তাঁদেরও বিদায় নিতে হবে বোর্ড থেকে। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সিকে খান্না অবশ্য সভাপতি হওয়ার সব শর্তই পূরণ করেন। এ কারণেই ২৪ জানুয়ারি তাঁকে বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। খান্না নিজেও এরই মধ্যে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি বিসিসিআইয়ের কাছ থেকে একটা চিঠি পেয়েছি, যেখানে বলা হয়েছে, আমি বিসিসিআইয়ের জ্যেষ্ঠতম সহসভাপতি। আর সহসভাপতি পদটা যেহেতু আলংকারিক, আমাকে পদত্যাগ করতে হবে না।’ পাশাপাশি বিসিসিআইয়ের যুগ্ম সচিব অমিতাভ চৌধুরী ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীও তাঁদের নিজ নিজ পদে থেকে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ক্রিকবাজ।