নতুন ব্যাটিং কোচ পেল বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হচ্ছেন ইংল্যান্ডের জন লুইস। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে লুইসের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
১০ জানুয়ারি শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে লুইস কালই আসছেন ঢাকায়। পরদিন আসবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরের জন্য লুইসকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুই সিরিজে পারফরম্যান্স দেখে তাঁকে রাখার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজ বলেছেন, ‘তিনি (লুইস) কাল-পরশুর মধ্যে আসবেন। তিনি এলে সামনাসামনি কথা বলব। করোনার কারণে কেউ লম্বা সময়ের জন্য চুক্তিতে যেতে চাচ্ছে না। এখন প্রথম দু-একটা সিরিজ দেখি কেমন করে। ভালো হলে চেষ্টা করব তাঁকে রাখার।’
গত জুলাই মাসে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। এরপর নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলানকে চাকরি দেওয়া হয়।
কিন্তু কাজে যোগ দেওয়ার আগেই বাবার মৃত্যুর কারণে চাকরি ছাড়েন ম্যাকমিলান। পরে বিসিবি বেছে নেয় শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং কোচ লুইসকে।
ইংল্যান্ডের ডারহাম কাউন্টি ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলেছেন লুইস। সাসেক্স এবং এসেক্সেও খেলেছেন তিনি। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সব মিলিয়ে ২০৫টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১৬ সেঞ্চুরিতে ১০ হাজার ৮২১ রান করেছেন এই ইংলিশ ক্রিকেটার।
কোচ হিসেবে ডারহামকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ জেতান। ২০১৮ সালে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নেন। ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার চাকরি ছাড়েন। এখন লুইসের নতুন ঠিকানা বাংলাদেশ।
ওদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ক্যাম্পে থাকছেন না স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন জটিলতার কারণে ভেট্টোরিকে এখনই পাচ্ছে না বাংলাদেশ দল।
ফেব্রুয়ারি-মার্চের নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভেট্টোরির বদলে স্থানীয় কোচ সোহেল ইসলাম থাকবেন স্পিনারদের দায়িত্বে।
আকরাম খান জানিয়েছেন, ‘ভেট্টোরি আসতে চেয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড একটা নিয়ম করেছে, দেশের বাইরে থেকে যখন দেশে ঢুকবে, ওটা অনেক আগে জানিয়ে দিতে হবে। তারপর ওখানে অনেক দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। যে জায়গায় থাকতে হবে, ওই জায়গাটা অনেক লিমিটেড। ওখানে সিরিয়াল পাওয়া যায় না। যত দিন পাওয়া যাবে না, তত দিন এখানে অপেক্ষা করতে হবে। সিট কনফার্মড হলে তারপর যেতে হবে। এগুলো নিয়ে চিন্তাভাবনা করে দেখলাম, এটা অনেক কঠিন। টাকা-পয়সারও ব্যাপার আছে, পাশাপাশি সময়ও অনেক বেশি নিচ্ছে। আমরা নিউজিল্যান্ড সফরে যখন যাব, তখন সে দলের সঙ্গে থাকবে। এই সিরিজে ভেট্টোরির পরিবর্তে কোচ সোহেলকে আমরা রাখছি।’
কাল থেকে আবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হবে। ১০ জানুয়ারি ক্রিকেটাররা জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করবেন। একই দিন ওয়েস্ট ইন্ডিজ দলের ঢাকায় পা রাখার কথা।