নতুন ভূমিকায় পুরোনো ল

দুটি খবরেই চমক ছিল। স্টুয়ার্ট ল বাংলাদেশ দলের কোচ হচ্ছেন, আবার স্টুয়ার্ট ল বাংলাদেশ দলের কোচের চাকরি ছেড়ে চলেও যাচ্ছেন। ২০১১ সালের জুলাইয়ে জাতীয় দলের কোচ হিসেবে লর সঙ্গে দুই বছরের চুক্তি করেছিল বিসিবি। মাত্র নয় মাস পরই পারিবারিক কারণে চাকরি ছেড়ে দেশে চলে যান এই অস্ট্রেলিয়ান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে যুব দলের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে লকে নতুন করে দায়িত্ব দিয়েছে বিসিবি। ১৬ সপ্তাহের চুক্তি। আপাতত খুলনা ও বিকেএসপির অনুশীলন ক্যাম্প উপলক্ষে থাকবেন চার সপ্তাহ। মাঝে এসে আরও চার সপ্তাহ কাজ করে বিশ্বকাপের সময় থাকবেন টানা আট সপ্তাহ।
পরশু রাতে ঢাকায় এসেছেন। কাল দুপুরে বিসিবি কার্যালয়ে মুখোমুখি হলেন সাংবাদিকদের। কিছুটা সময় তো মনে হলো অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা নন, ল কথা বলছেন জাতীয় দলের সাবেক কোচ হিসেবেই! ‘এখান থেকে যাওয়ার পরও বাংলাদেশের ক্রিকেটকে নিয়মিত অনুসরণ করেছি। যতটা পেরেছি বাংলাদেশের উন্নতির খোঁজখবর রেখেছি। খেলোয়াড়দের অনেকের সঙ্গে ফেসবুকে যোগাযোগ আছে। ভালো খেললে ওদের অভিনন্দন জানাই’—বলছিলেন ২০১২ এশিয়া কাপে ফাইনালে খেলা বাংলাদেশ দলের কোচ।
সেই এশিয়া কাপ অবশ্য এখনো তাঁর মনে বেদনার ছায়া ফেলে, ‘ছেলেরা অনেক কষ্ট করেছিল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাতে পারার আত্মবিশ্বাস জন্মেছিল মনে। আমি তো মনে করি, পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া দুটি ম্যাচই আমাদের জেতা উচিত ছিল। টুর্নামেন্টটা এখন হলে বাংলাদেশই ফেবারিট থাকত।’ সেই ধারাবাহিকতায় মাঝে ছেদ পড়লেও গত বিশ্বকাপের আগে থেকেই বাংলাদেশ দল আছে দুরন্ত ফর্মে। এশিয়া কাপের আফসোস তাতে কিছুটা হলেও ভুলতে পারছেন সাবেক কোচ, ‘ওই দলকে আরও ভালো করতে দেখাটা আমার জন্যও তৃপ্তির।’
যুব দলের দায়িত্ব নিয়ে ল এবার আসলে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটারদেরই দায়িত্ব নিলেন। ভবিষ্যতের মুশফিক-সাকিবদের নিয়ে কাজ করবেন বলে একটু রোমাঞ্চিতও, ‘বাংলাদেশের ভবিষ্যৎ তারকারা যেখান থেকে আসবে, সেই কার্যক্রমের অংশ হয়ে ভালো লাগছে। গত বিশ্বকাপ থেকে জাতীয় দল অসাধারণ খেলছে। আমি নিশ্চিত, অনূর্ধ্ব-১৯ দলের তরুণেরাও ওদের নায়কদের অনুসরণ করবে।’
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০০৬ সালে পঞ্চম হওয়া। তবে দক্ষিণ আফ্রিকা সফরে সাম্প্রতিক সাফল্যের পর দেশের মাটির যুব বিশ্বকাপে স্বপ্নটা অনেক বড়। ল যেটিকে পূরণযোগ্য বলেই মনে করেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন দল তৈরি করার জন্য কোনো জাদুমন্ত্র নেই। যেভাবে ওরা খেলছে, এটা ধরে রাখতে পারলেই সাফল্য আসবে।’ হেডমাস্টার হওয়ার চেয়ে সাহায্যকারীর ভূমিকাই বেশি পছন্দ তাঁর, ‘আমি কিছু বদলাতে আসিনি। যে প্রক্রিয়াটা এখন চলছে, সেটার সাহায্যকারী হতে চাই। বছর দুয়েক ধরে যে লোকগুলো অক্লান্ত পরিশ্রম করছে, সবকিছুই তাঁদের জানা। আমি তাতে শুধু বাড়তি কিছু যোগ করতে চাই।’
ঘরের মাঠে খেলা হবে বলে বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশের ছেলেরা। সঙ্গে আত্মবিশ্বাসটাও যোগ করতে পারলে সাফল্যের ছবি আঁকা অসম্ভব নয় বলে মনে করেন ল। তাতে বাংলাদেশের যুবাদের স্বপ্ন যেমন পূরণ হয়, দূর হয় স্টুয়ার্ট লর ২০১২ এশিয়া কাপের অতৃপ্তিও। প্রচ্ছন্নভাবে সেটি জানিয়েও দিলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন আমার দল। আর আমি হারতে পছন্দ করি না। ট্রফিটা জিততে পারলে আমি খুব খুশি হব।’