নতুন ভূমিকায় স্বচ্ছন্দ ম্যাক্সওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু শ্রীলঙ্কার ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৪৫ রানের অপরাজিত এক ইনিংসে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ড গড়া স্কোর। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ওপেন করতে নেমেই খেলেছেন নিজের ক্যারিয়ার-সেরা ইনিংসও। অস্ট্রেলিয়া ম্যাচটাও জিতেছে ৮৫ রানে।

ম্যাচ শেষে ম্যাক্সওয়েল জানালেন নতুন এই ভূমিকা পছন্দ হয়েছে তাঁর, ‘মিডল অর্ডারে আপনাকে সব সময় পরিস্থিতির কথা চিন্তা করতে হয়। কোনো বড় শট খেলে আউট হয়ে গেলেই সবাই আপনার কাঁধে দায় চাপিয়ে দেয়। কিন্তু টপ অর্ডারে একটু স্বাধীনভাবে খেলা যায়। খুব বেশি ঝুঁকি না নিয়ে শট খেলা যায়।’

তবে এই আনন্দেও দুঃখ মিশে আছে ম্যাক্সওয়েলের। টি-টোয়েন্টিতে রাজত্ব করলেও ওয়ানডে দলে যে জায়গাই মিলছে না তাঁর। গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই বাদ পড়েছেন দল থেকে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দলেও সুযোগ হয়নি তাঁর। ম্যাক্সওয়েল তাই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পেরে খুশি, ‘বেশ কিছুদিন ধরে আমি ওয়ানডে দলের বাইরে। আমার সামর্থ্য নিয়ে কিছুটা সন্দিহান হয়ে পড়েছিলাম। এভাবে ব্যাটিং করতে পেরে তাই আনন্দিত। দলে ফিরেই এত ভালো করতে পারা দুর্দান্ত ব্যাপার।’

টি-টোয়েন্টিতে ভালো করে এ বছরই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ফিরতে চান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, ‘আমি নিজের জন্য অনেক উঁচু মানদণ্ড বেঁধে দিয়েছি। আমি আধিপত্য করে খেলতে চাই। অনেক রান করতে চাই। আমি অস্ট্রেলিয়াতেই (দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান সিরিজে) টেস্ট দলে ফিরতে চাই।’ রয়টার্স।