
আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবই হয়েছে ইতিহাস গড়ে। প্রথম স্পিনার হিসেবে পেস-স্বর্গ ওয়াকায় অভিষেক হয়েছে কেশব মহারাজের। পার্থ টেস্ট জয়ে তাঁর বাঁহাতি স্পিনটা ভালোই কাজে লেগেছে দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ড সফর দিয়ে টেস্ট দলে জায়গাটা পাকাও করে নিয়েছেন। তবু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা একটু হলেও বিস্ময়-জাগানিয়া। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা মহারাজ ঢুকে পড়েছেন চ্যাম্পিয়নস ট্রফির প্রোটিয়া দলে।
নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা বাঁহাতি লেগ স্পিনার তাবরেজ শামসিকে টপকে ডাক পেয়েছেন মহারাজ। বাঁহাতি স্পিনের সঙ্গে ডান হাতে ব্যাটিংটাও নেহাত খারাপ করেন না, এটাই হয়তো এগিয়ে দিয়েছে মহারাজকে। নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জন্ডি জানিয়েছেন, ‘টেস্ট দলে অভিষেক মৌসুমটা অসাধারণ কেটেছে। ও থাকায় স্পিনে বাড়তি কিছু যোগ হচ্ছে। ব্যাটিংয়েও গভীরতা বাড়ছে।’
অলরাউন্ড দক্ষতা যে গুরুত্ব পাচ্ছে সেটা দল নির্বাচনেই বুঝিয়ে দিয়েছে সিএসএ। ক্রিস মরিস, ওয়েইন পারনেল, আন্দিলে ফিকোয়াও ও ডোয়াইন প্রিটোরিয়াস—চারজন পেস বোলিং অলরাউন্ডার আছেন ১৫ জনের দলে। চোটের কারণে মূল দুই পেসার ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডারের ছিটকে পড়াও দলে পেসারের সংখ্যা বাড়ানোয় ভূমিকা রেখেছে। তরুণ কাগিসো রাবাদাকেই নেতৃত্ব দিতে হবে পেস আক্রমণের। তাঁর সঙ্গী গত এক বছর ওয়ানডে না খেলা মরনে মরকেল। আর এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে চোটশঙ্কা থাকলেও অধিনায়কত্বের ভারটা তাঁর কাঁধেই থাকছে।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য সবার আগে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ১ জুন থেকে শুরু এই প্রতিযোগিতায় প্রোটিয়ারা পড়েছে ‘এশিয়া অধ্যুষিত’ গ্রুপে। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার সঙ্গী যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা!
দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিয়েন, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, ইমরান তাহির, কেশব মহারাজ, মরনে মরকেল, কাগিসো রাবাদা।