অ্যাঞ্জেলো ম্যাথুস থাকবেন না, জানা গিয়েছিল আগেই। পরশু বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাই রঙ্গনা হেরাথের হাতেই নেতৃত্ব তুলে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। স্কোয়াডের বাকি সদস্যদের নাম ঘোষণা করার কথা ছিল গতকাল। সেটা করাও হয়েছে, তবে একটু অদ্ভুতভাবে।
প্রথমে শুধু জানানো হলো, দলে আসছেন বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা। পরে রাতে আনুষ্ঠানিকভাবে দেওয়া হলো ১৫ সদস্যের দল। এখনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা পুষ্পকুমারাসহ দলে আছেন চার স্পিনার। বাকি ১১ জনের মধ্যে চারজন ফাস্ট বোলার।
২৯ বছর বয়সী পুষ্পকুমারার ঘূর্ণিজাদুতেই পরশু ইংল্যান্ড লায়নসকে দ্বিতীয় বেসরকারি টেস্টে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল। এই ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পুষ্পকুমারা। এর আগে প্রথম বেসরকারি টেস্টেও দুই ইনিংসে ৪টি করে উইকেট পেয়েছিলেন ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা স্পিনার।
গত কিছুদিন সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়ে টেস্ট দলে ফিরেছেন আসেলা গুনারত্নে ও নিরোশান ডিকভেলা। ২৩ বছর বয়সী ডিকভেলা তাঁর চার টেস্টের সর্বশেষটি খেলেছেন ২০১৪ সালের ডিসেম্বরে। গুনারত্নে গত অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ম্যাথুসকে জায়গা দিতে বাদ পড়েন। এবারও ম্যাথুসের অনুপস্থিতিতেই ডাক পেলেন।
বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য দুই কুশল—কুশল পেরেরা ও কুশল সিলভা। বাদ পড়ার কারণ বাজে ফর্ম। বোলিং বিভাগে অবশ্য তেমন একটা পরিবর্তন নেই। লাহিরু কুমারা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ ও ভিকুম সঞ্জয়া—পেসার এই চারজন। পুষ্পকুমারার স্পিন-সঙ্গী হিসেবে আছেন অধিনায়ক হেরাথ, দিলরুয়ান পেরেরা ও লক্ষ্মণ সান্দাকান। তথ্যসূত্র: এসএলসি ও ক্রিকইনফো।
শ্রীলঙ্কার টেস্ট দল: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, দিমুথ করুনারত্নে, নিরোশান ডিকভেলা, উপুল থারাঙ্গা, ধনাঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, মালিন্দা পুষ্পকুমারা।