
এগিয়ে আসছে বিশ্বকাপ। ক্রিকেটের মহোৎসব সামনে রেখে আইসিসির ওয়েবসাইটে বিশ্বকাপ নিয়ে স্মৃতিচারণা করছেন সাবেক ক্রিকেটাররা। আজ থাকছে অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যালান বোর্ডারের কথা
১৯৮৭ বিশ্বকাপটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য আসলেই একটা বিশেষ মুহূর্ত। আমরা ওই বিশ্বকাপ জিতেছি বলে নয়, সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ইতিহাসের মোড় ঘুড়িয়ে দিয়েছিল সেটা। ওই সময় থেকেই আমাদের উত্থান শুরু।
বব সিম্পসন তখন আমাদের কোচ। আমাদের মৌলিক বিষয়গুলোয় যাতে ঘাটতি না থাকে তিনি সেটি নিশ্চিত করলেন। আমাদের প্রস্তুতিও হলো দারুণ। ১৯৮৬ সালে আমরা ভারত সফর করি এবং চেন্নাইতে একটা টেস্ট টাই করি। ওই সফরটা আমাদের খুব কাজে দিয়েছিল, কারণ বিশ্বকাপে আমাদের প্রথম দুটি ম্যাচ ওই মাঠেই ছিল। কন্ডিশনটা আমাদের চেনা ছিল।
দুটি ম্যাচই আমরা জিতলাম। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটির কথা আমার মনে আছে। ওরা তখন বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই সঙ্গে স্বাগতিক। ওই ম্যাচে আমাদের ইনিংসের শেষ দিকের একটা ঘটনা মনে পড়ছে। রবি শাস্ত্রীর বল ডিন জোনস খেলল লং অনে। আম্পায়ার চারের সংকেত দিলেন। কিন্তু বলটা আসলে উড়ে সীমানা পার হয়েছিল এবং পড়েছিল আমাদের সামনেই। আমরা দেখলাম, ছয় হয়েছে। আমাদের ম্যানেজার তখনই গেল ম্যাচ রেফারি হানিফ মোহাম্মদের সঙ্গে কথা বলতে। তিনি ব্যাপারটা নিশ্চিত হয়ে পরে ছয় দিলেন। আমাদের স্কোরও ২৬৮ থেকে বেড়ে ২৭০ হলো। এটা যে কী কাজে দিয়েছিল! কারণ তাড়া করতে নেমে ভারত অলআউট হয়েছিল ২৬৯ রানে!
সেমিফাইনালে আমাদের খেলা পড়ল পাকিস্তানের সঙ্গে। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত। সবাই আশা করেছিল ইডেনে ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু সেটা হলো না।

ওই সময়ে ওয়ানডেতে ২৪০-২৫০ খুবই ভালো স্কোর ছিল। সেমিফাইনালে আমাদের ব্যাটিংয়ের শেষ ওভারে স্টিভ ওয়াহ ১ ওভারে ১৮ রান নেওয়ায় স্কোরবোর্ডে জমা হলো ২৬৭ রান। বল হাতে সেদিন ক্রেইগ ম্যাকডরমট দারুণ ছন্দে ছিল। পাকিস্তানের প্রথম ৩ উইকেট গেল খুবই দ্রুত। তার পরও আমরা সতর্ক ছিলাম। কারণ জাভেদ মিয়াঁদাদ আর ইমরান খান মিলে জুটি গড়ার চেষ্টা করল। শেষ পর্যন্ত তাতেও লাভ হলো না। ম্যাকডরমটের দারুণ বোলিংয়ে ম্যাচ জিতে আমরাই ফাইনালে উঠে গেলাম। অন্য সেমিফাইনালটা জিতে ইংল্যান্ড হলো আমাদের প্রতিপক্ষ।
ইডেনে সেই ফাইনালের কথা আমি কোনো দিন ভুলব না। আমি জানি না সেদিন আসলে কত দর্শক হয়েছিল। কিন্তু লাখ যে ছাড়িয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। আর দর্শকও সবাই আমাদের সমর্থন করছে, মনে হলো আমরা যেন মেলবোর্নে খেলছি।
আগে ব্যাট করে ২৫৩ রান তুললাম আমরা। মনে হচ্ছিল আরও কিছু রান করতে পারলে ভালো হতো, কিন্তু তার পরও আত্মবিশ্বাসী ছিলাম। ইংল্যান্ড ব্যাট করতে নামার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল। শুধু একবারই আমাদের মনে হয়েছিল ম্যাচটা বেরিয়ে যেতে পারে, যখন মাইক গ্যাটিং ব্যাট করছিল। ফাস্ট বোলারদের পরের ওভারগুলো রেখে দেওয়ার জন্য আমি নিজে বল হাতে নিলাম। আমার মনে হচ্ছিল, গ্যাটিং আমাকে মারতে চাইবে। হলোও তা-ই। প্রথম বলেই সে আমাকে রিভার্স সুইপ করল। আমি জানি, দশবারের মধ্যে নয়বারই গ্যাটিং ওটা সীমানার বাইরে পাঠাবে। কিন্তু সেদিন আসলে ভাগ্য ওর সঙ্গে ছিল না। গ্লাভসে লেগে বল গেল আমাদের উইকেটকিপার গ্রেগ ডায়ারের হাতে। আমি তো হতভম্ব!
বিশ্বকাপ জেতার পর কীভাবে উদ্যাপন করব সেটাই বুঝতে পারছিলাম না! ইডেনের সেই সন্ধ্যাটা আমাদের সব সময় মনে থাকবে। আমরা অনেক রাত পর্যন্ত সেদিন উৎসব করেছি। এখানে আমি ইংল্যান্ড দলকেও ধন্যবাদ দেব ওদের স্পোর্টসম্যানশিপের জন্য। ওরাও পরে আমাদের ড্রেসিংরুমে এসেছিল এবং আমাদের সঙ্গে কয়েক রাউন্ড বিয়ার পান করে গেছে।