নতুন শুরুর অপেক্ষায় হরভজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরভজন সিং
হরভজন সিং

দুই বছর দুই মাস ১৫ দিন। ভারতের জার্সি গায়ে সর্বশেষ খেলার দিন থেকে পরশু আবার টেস্ট দলে ডাক পাওয়া পর্যন্ত হিসাব করলে সময়টা তা-ই হয়। প্রায় সোয়া দুই বছরের ‘বনবাস’ শেষ করে হরভজন সিং ফিরেছেন দলে। না, দলে আছেন বলেই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটাও খেলবেন এই নিশ্চয়তা নেই। তবে ভারতীয় অফ স্পিনার মরিয়া। আর সে কারণেই এই সুযোগটাকে নিচ্ছেন নতুন করে শুরু করার চ্যালেঞ্জ হিসেবে। ডাক পাওয়ার পরই ভারতীয় একটি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, ‘মনে হচ্ছে, যেন আমি নতুন করে শুরু করতে যাচ্ছি। আমার জন্য এটা নতুন ইনিংস, যেটি আমি আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে চাই। সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চাই।’
দল থেকে ছিটকে যাওয়ার পেছনে অবশ্য ফর্মটাই বড় কারণ ছিল। সর্বশেষ টেস্ট ২০১৩ সালে মার্চে হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিরিজের দুই টেস্টে পেয়েছিলেন মাত্র ৫ উইকেট। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে দেশে ও প্রতিপক্ষের মাটিতে দুটি সিরিজের তিনটি টেস্টে সুযোগ পেয়েছিলেন, উইকেট ৪টি। সর্বশেষ ১৮ টেস্টে মাত্র একবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন, সেটি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১১ সালের জানুয়ারিতে (৭/১২০)।
হরভজনের বাদ পড়া নিয়ে তাই সেভাবে কোনো প্রশ্নই ওঠেনি। বরং ১০১ টেস্টে ৪১৩ উইকেটকেই তাঁর ‘ক্যারিয়ার রেকর্ড’ ধরে নিয়েছিলেন প্রায় সবাই। হরভজন একদমই তা ভাবেননি। বরং অপেক্ষায় ছিলেন দলে ফেরার, ‘গত দুই বছর আমি এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করে গেছি। একটা দিন কিংবা একটা মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে আমি আর ভারতের হয়ে খেলতে পারব না।’ আর এই কঠিন সময়টায় তাঁকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দুই ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও অনিল কুম্বলেকে, ‘ওরা দুজন সব সময় আমাকে প্রেরণা দিয়ে গেছে। টেন্ডুলকার তো সব সময় বলত, আমার ভারতের হয়ে আবার খেলার সামর্থ্য আছে। যেন আত্মবিশ্বাস না হারাই।’ এই ফেরাটা হরভজনের পরিশ্রমের পুরস্কার, এমন বলেছেন সুনীল গাভাস্কারও, ‘ওকে দলে নিয়ে নির্বাচকেরা দেখিয়েছেন ওরা ফর্মটাই বিচার করেন। কে সিনিয়র, কে জুনিয়র এটা তাদের বিবেচ্য নয়।’
এই জায়গায় অবশ্য একটু দ্বিমত আছে সাবেক ভারতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক দিলীপ ভেংসরকারের, ‘নির্বাচকদের কাছে এখন যদি ওকে ভালো মনে হয়, তাহলে দুই বছর আগে ওরা তাকে বাদ দিয়েছিল কেন? গত দুই বছরে ও কী করেছে যে, ওকে দলে নিতে হবে? আইপিএলের ফর্ম তো আর টেস্ট দলের জন্য বিচার্য হতে পারে না। আইপিএলে এক ম্যাচে বল করতে হয় ৪ ওভার। আর টেস্টে অন্তত ২৫-৩০ ওভার বল করতে হয়।’
হরভজন নতুন করে শুরু করতে চান, ঠিক আছে। তবে আগে তো শুরু করার সুযোগ পেতে হবে! বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স খুব আহামরি নয়, ৩ টেস্ট খেলে ৬ উইকেট। তার ওপর দলে আছেন আরেক অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। যাঁর আবির্ভাবই ‘হরভজনকে ছাড়াও চলে’ আওয়াজ তুলে দিয়েছিল। ফতুল্লায় হরভজন দর্শক হয়ে থাকলে তা একদমই বিস্ময়কর কিছু হবে না। পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।