নতুন 'ক্যালিস' ফিল্যান্ডার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারনন ফিল্যান্ডার
ভারনন ফিল্যান্ডার

‘একদমই ঠিক না’—পাশে বসা অধিনায়ক ফাফ ডু প্লেসির কথার প্রতিবাদ না করে থাকতে পারলেন না ভারনন ফিল্যান্ডার।

অথচ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক প্রশংসাই করেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডারের। ট্রেন্ট ব্রিজ টেস্টে ফিল্যান্ডারের দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে জ্যাক ক্যালিসের তুলনা টেনে এনেছিলেন ডু প্লেসি। কোথায় প্রশস্তিতে গলে যাবেন, উল্টো প্রতিবাদ ফিল্যান্ডারের।

ঘটনাটা গত পরশু ট্রেন্ট ব্রিজ টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের পর সংবাদ সম্মেলনে। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে দুই ইনিংসে সাতে ব্যাট করে ৫৪ ও ৪২ রান করেছেন ফিল্যান্ডার। বোলিংয়ে দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন ৫ উইকেট। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে ফিল্যান্ডারের হাতেই। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর অধিনায়ক তো প্রশংসা করবেনই।

তবে ফিল্যান্ডারের ‘ক্যালিস’ হতে এখনো পাড়ি দিতে হবে বহুদূর। টেস্টে ৪৫ সেঞ্চুরির মালিক ক্যালিসের ব্যাটিং গড় ৫৫-এর ওপরে। বোলিংয়ে ৩২.৬৫ গড়ে ২৯২ উইকেট, ক্যাচও নিয়েছেন ঠিক ২০০টি। অন্যদিকে ফিল্যান্ডার এখনো দেখা পাননি সেঞ্চুরির, তাঁর সাত ফিফটির সর্বোচ্চটি ৭৪ রানের। ট্রেন্ট ব্রিজ টেস্টের দুই ইনিংসসহ টেস্টে মোটে সাতবার সাত বা তার ওপরে ব্যাটিং করেছেন ফিল্যান্ডার। বোলিংয়ে অবশ্য ক্যালিসের চেয়ে এগিয়ে থাকেন ফিল্যান্ডার, ২২.২১ গড়ে ১৬৯ উইকেট যেটির প্রমাণ।

ডু প্লেসি অবশ্য এখনই ফিল্যান্ডারকে ক্যালিসের উত্তরসূরি বানিয়ে দেননি। ৪৫ টেস্ট খেলা ফিল্যান্ডারের ব্যাটিংয়ের ধরনের সঙ্গে ক্যালিসের ব্যাটিংয়েরই শুধু তুলনা করেছেন, ‘সে (ফিল্যান্ডার) যেভাবে ব্যাটিং করে, তাতে মনে হচ্ছে, সে দিনে দিনে জ্যাক ক্যালিস হয়ে উঠছে। আমরা এটা নিয়ে মজা করি। কারণ, তার টেকনিক দিনে দিনে ক্যালিসের মতো হয়ে যাচ্ছে।’

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েই ফিল্যান্ডার যেভাবে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেটিরও প্রশংসা করেছেন ডু প্লেসি, ‘এই ম্যাচে ওর কাঁধে নতুন চ্যালেঞ্জ ছিল। আমরা একজন ব্যাটসম্যান বাদ দিয়ে দুজন অলরাউন্ডার নিয়েছি। এর ফলে ওর কাঁধে অতিরিক্ত দায়িত্ব চাপে। ওর টেকনিক ও ব্যাটিংয়ে আমার আস্থা ছিল বলেই ওকে সাতে উঠিয়েছি। সময়মতো গুরুত্বপূর্ণ কিছু রান করে আস্থার প্রতিদানও সে দিয়েছে। বল তো সব সময়ই ওর জন্য বল, যেন একটা যন্ত্র। এখন সে ব্যাট হাতেও করে দেখাল।’

শুধু ডু প্লেসিই নন, ফিল্যান্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনও। দ্য টাইমসে লেখা কলামে, বিশেষ করে ফিল্যান্ডারের বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আথারটন, ‘প্যাভিলিয়ন প্রান্ত থেকে করা ফিল্যান্ডারের প্রথম স্পেলটা যেকোনো সিমার বা মিডিয়াম পেসারের জন্য অনুকরণীয়। টপ অর্ডারের বাঁহাতি ব্যাটসম্যানদের চাপে ফেলতে এমন বোলিংই করতে হয়।’ এএফপি, ক্রিকইনফো।