নববধূর সঙ্গে নাচলেন রোমান্টিক মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে তাঁর নিজের সময়টা ভালো যাচ্ছে। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে সেঞ্চুরি করেছেন। ওয়ানডে সিরিজে সত্তরের ঘরে একটা ইনিংসও আছে। ব্যাট হাতে ছন্দে থাকা মুশফিকুর রহিম এবার সত্যিকারের ছন্দে নাচলেন। নাচালেনও। বিয়ের আগের দিন গায়েহলুদে নববধূ জান্নাতুল কিফায়াতকে সঙ্গে নিয়ে রোমান্টিক একটা গানের সঙ্গে নেচেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। ক্রিকেটের গণ্ডির বাইরে মন্ডি ডাক নামের এই তরুণীর সঙ্গে জুটিটা যে দারুণ জমেছে, শুরুতেই যেন সেটাই বুঝিয়ে দিলেন মুশফিক।

আজ বউভাতের এক ফাঁকে রোমান্টিক ভঙ্গিতে নববধূর সঙ্গে এভাবেই ক্যামেরাবন্দী হলেন মুশফিক। ছবি: প্রথম আলো
আজ বউভাতের এক ফাঁকে রোমান্টিক ভঙ্গিতে নববধূর সঙ্গে এভাবেই ক্যামেরাবন্দী হলেন মুশফিক। ছবি: প্রথম আলো

ভারতের এ সময়ের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের গাওয়া এক ভিলেন ছবির ‘পাল দো পাল’ গানটির সঙ্গে নেচেছেন দুজনে। প্রথমে মঞ্চে ওঠেন মুশফিক। বাঁ প্রান্তে ছিলেন তিনি। ডান প্রান্ত দিয়ে মঞ্চে প্রবেশ করেন কিফায়াত। এ সময় বন্ধু-স্বজনেরা চিৎকার করে দুজনকে উৎসাহ দেন। তারপর দুজনে দুর্দান্তভাবে নেচে চলেন।

এই নাচের ভিডিও মুশফিকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। তাতে কিছু কিছু মন্তব্যকারী হিন্দি গানের বদলে বাংলা গানে নাচলে মুশফিক ভালো করতেন বলে সমালোচনাও করেছেন। তবে বেশির ভাগ মন্তব্যকারী এ ধরনের নেতিবাচক মন্তব্য না করতে, বিষয়টিকে এতটা গুরুতরভাবে না দেখার কথা লিখেছেন। অনেকে মজা করে মন্তব্য করেন, ‘নাচটাও মুশফিক ভালো জানেন দেখা যাচ্ছে।’ অনেকেই মন্তব্য করেন, ‘মুশফিক যে এত্ত রোমান্টিক তা জানা ছিল না।’ মেয়েদের কেউ কেউ মন্তব্য করেছেন, ‘নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে গায়েহলুদের সাজে অন্য কোনো মেয়ের সঙ্গে নাচতে দেখে কী কষ্টটাই না পাচ্ছি।’

গত পরশু বিয়ের পিঁড়িতে বসেন মুশফিকুর রহিম। পাত্রী জান্নাতুল কিফায়াত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী। বেইলি রোডের অফিসার্স ক্লাবে হয়েছে বিয়ের অনুষ্ঠান। আজ এয়ারপোর্ট রোডের গলফ গার্ডেনে বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা। নিজ শহর বগুড়ায় আরেকটি বড় আয়োজন ১০ অক্টোবর। গত বছরের অক্টোবরে জান্নাতুল কিফায়াতের সঙ্গে বাগদান হয়েছিল মুশফিকুরের।

দুজনের পরিচয়ের মাধ্যম আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ। এই অলরাউন্ডারের স্ত্রীর ছোট বোন জান্নাতুল কিফায়াত। মুশফিকের সঙ্গে পরিচয় গত বছরের শুরুতে একটি পারিবারিক অনুষ্ঠানে। পরিচয় থেকে টুকটাক কথা, এরপর হৃদয়ের লেনাদেনা। সেই প্রণয়টাই রূপ নিল পরিণয়ে।