নববর্ষে বাঙালির প্রিয় ইলিশের খোঁজ অস্ট্রেলীয় অধিনায়কের
ইলিশ মাছ খেতে চান অ্যারন ফিঞ্চ। সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক বাঙালির প্রিয় ইলিশ অন্তত একবারের জন্য হলেও খেতে চান।
আইপিএলের মেগা নিলামে প্রথমে অবিক্রিত ছিলেন ফিঞ্চ। পরে অ্যালেক্স হেলসের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্স তাঁকে সই করায়। আর বাঙালির শহর কলকাতার ফ্র্যাঞ্চাইজি নাইটদের হয়ে খেলতে এসে ফিঞ্চ ইলিশের গুণগাণ শুনবেন না, তা কী করে হয়!
অস্ট্রেলিয়া দলের হয়ে পাকিস্তান সফরে থাকায় ফিঞ্চ এবার আইপিএলে প্রথম থেকে খেলতে পারেননি। সফর শেষে কলকাতায় যোগ দিয়ে এরই মধ্যে শুরু করেছেন অনুশীলন।
কলকাতার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ফিঞ্চ সাক্ষাৎকার দিয়েছেন ইসা গুহকে। জন্মসূত্রে বাঙালি সাবেক ভারতীয় নারী ক্রিকেটার ইসার প্রশ্ন ছিল তিনি কখনো ইলিশ মাছ খেয়েছেন কিনা? জবাবে ফিঞ্চ জানান, তিনি এই মাছটির নাম জানেন এবং দেশে ফেরার আগে তিনি ইলিশ মাছের স্বাদ নিয়েই ফিরবেন।
বাংলা নববর্ষ সম্পর্কেও এরই মধ্যে জেনেছেন ফিঞ্চ। পরশু অস্ট্রেলিয়া অধিনায়ক জানিয়েছেন নববর্ষে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে আছে, ‘না, এখনো ইলিশ মাছ খাইনি। তবে শুনেছি সামনেই বাংলা নববর্ষ। সে সময় ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে আছে।’
ফিঞ্চ ইলিশের বিভিন্ন রেসিপি নিয়েও আগ্রহী। তিনি জানিয়েছেন, ইলিশ খেয়ে ভালো লাগলে রেসিপি সংগ্রহ করে দেশে ফিরে নিজে মাছটি রাঁধার চেষ্টা করবেন, ‘আমি হয়তো এই দেশের মতো করে ইলিশ রান্না করতে পারব না। তবে মাছটি খেয়ে ভালো লাগলে আমি রেসিপি দেশে নিয়ে রান্না করার চেষ্টা করব। হয়তো কাছাকাছি স্বাদ আনতে পারব।’
এবার আইপিএলে নিলামে প্রথমে দল না পেলেও অ্যারন ফিঞ্চের জন্য আইপিএল নতুন কিছু না। অতীতে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ ও পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন। ব্যাট হাতে আইপিএলে যে তিনি যে খুব সফল সেটি বলা যাবে না। দুই–একবার চোটের সঙ্গেও লড়েছেন। কলকাতার হয়ে এবার সফল হবেন কিনা, সেটি সময়ই বলে দেবে। তবে কোচ ব্রেন্ডন ম্যাককালামের পছন্দের ‘আগ্রাসন’ যে ব্যাটিংয়ে আনার চেষ্টা করবেন, সেটি বলে দেওয়াই যায়। সে ক্ষমতা তাঁর যথেষ্টই আছে।