নবাগত মুস্তাফিজে মুগ্ধ মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাকিস্তানকে বাংলাওয়াশ করার ট্রফি নিচ্ছেন মাশরাফি। ছবি: এএফপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাকিস্তানকে বাংলাওয়াশ করার ট্রফি নিচ্ছেন মাশরাফি। ছবি: এএফপি

ওয়ানডে সিরিজে বাংলাওয়াশের পর সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতেও উড়ে গেল পাকিস্তান। দলের এ সাফল্যের মূল কারণ হিসেবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন, ছন্দ। দারুণ ছন্দে থাকার কারণেই দুর্দান্ত খেলছে তাঁর দল।
এ নিয়ে তিন ম্যাচে (প্রথম ওয়ানডে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান) বিজয়ীর বেশে সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি। দলের সাফল্যের কারণ ব্যাখ্যা করলেন এভাবে, ‘ছন্দই মূল ব্যাপার। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি আমরা আধিপত্যের সঙ্গে জিতেছি। আজ ৩ উইকেট পড়ে যাওয়ার পরও জিতেছি। সাকিব-রুম্মন (সাব্বির) অসাধারণ ব্যাটিং করেছে। আশা করি, টেস্টেও এ ছন্দ ধরে রাখতে পারবে দল।’
প্রথম ওয়ানডেতে ৭৯ রানে, দ্বিতীয়টিতে ৭ উইকেট ও শেষেরটি ৮ উইকেটে হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছিলেন, তাদের টি-টোয়েন্টি দল ওয়ানডের চেয়েও ভালো। সেই আফ্রিদির ‘শক্তিশালী’ দলও উড়ে গেল দুরন্ত বাংলাদেশের সামনে। হারল ৭ উইকেটে। মাশরাফি তাই বললেন, ‘কাল বলেছিলাম, লড়াই হবে সমানে সমান। কারণ, ওদের দলে আফ্রিদি, শেহজাদ, সোহেল তানভীরের মতো বিশ্বমানের কিছু খেলোয়াড় ছিল। তবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জেতাটাও দরকার ছিল। না হলে হয়তো কথা উঠত, ওয়ানডেতে তাদের দল ভালো ছিল না। আমরা প্রমাণ করেছি, ভালো দলকেও আমরা হারাতে পারি। এমনিতে আমরা টি-টোয়েন্টিতে খুব একটা ভালো করতে পারি না। কিন্তু আজ আধিপত্য বজায় রেখে জিতেছি। এটা একটা ইতিবাচক দিক।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন মাশরাফিদের সঙ্গে। কী কথা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে? অধিনায়ক জানালেন, ‘প্রধানমন্ত্রী আমাদের উৎসাহিত করেছেন। সামনে আরও ম্যাচ আছে। এভাবে খেললে আমরা আরও জিততে পারব-এটাই বলেছেন।’
আজ অভিষেকেই চমকে দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২০ রান দিয়ে পেয়েছেন আফ্রিদি-হাফিজের মূল্যবান দুটো উইকেট। বাঁহাতি এ পেসারে মুগ্ধ মাশরাফিও, ‘আগে থেকেই বলে এসেছি, ক্রিকেটটা আসলে বোলারদের খেলা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিতে দেখবেন, যখন বোলাররা ভালো কিছু করে, তখন জেতা সহজ হয়। আজ মুস্তাফিজ ম্যাচসেরা হলেও অবাক হওয়ার কিছু ছিল না। অভিষেকেই দারুণ বল করেছে সে। দলের তিন পেসারই ভালো করছে। বোলাররা যত ভালো করবে, আমরা তত বেশি ম্যাচ জিততে পারব।’
বাংলাদেশের ক্রিকেটে এর চেয়ে সুখের সময় আর কখন এসেছে কি না বলা কঠিন। সেই দলের অধিনায়ক মাশরাফি। আর কী চাওয়ার আছে এ দলের কাছে? বললেন, ‘এর চেয়ে বেশি কিছু​ দলের কাছে চাওয়া যায় না। প্রতিটি ম্যাচেই আমরা আধিপত্য বজায় রেখেছি। এর চেয়ে ভালো ফল সম্ভব নয়। তবে হ্যাঁ, এখান থেকে ছোট-খাটো ভুল শুধরে নেওয়া যায়। ভুল যত কম হবে, ম্যাচ জেতার সম্ভাবনা তত বেড়ে যাবে।’