নবীর জায়গায় স্টানিকজাই
সরে দাঁড়ালেন নবী। ৬ ম্যাচে ৯০ রান। গড় ১৫.০০। বল হাতে ৮৭ গড়ে ৩ উইকেট। বিশ্বকাপে এই হলো মোহাম্মদ নবীর পারফরম্যান্স। অধিনায়ক হিসেবে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন নিজেই। ফলাফল, আফগান ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। নতুন অধিনায়ক হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড দায়িত্ব দিয়েছে আরেক অভিজ্ঞ অলরাউন্ডার আসগর স্টানিকজাইকে। দেশের হয়ে ৪৩টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন স্টানিকজাই।
বোর্ডের কাছে দেওয়া পদত্যাগপত্রে নবী লিখেছেন, ‘দুই বছরেরও বেশি সময় আফগান দলকে নেতৃত্ব দিয়েছি। দল ও জাতির জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই সব সময় করে এসেছি। দলের সাম্প্রতিক পারফরম্যান্স, বিশেষ করে আমার বাজে ফর্মের কারণে আমি নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চাই। আমার পদত্যাগপত্র গ্রহণ করে দলের একজন সদস্য হিসেবে খেলার সুযোগ করে দিলে আমি খুশি হব।’ এএফপি।