ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে রাত থেকেই বৃষ্টি ঝরছিল। থেমে থেমে ঝরল তা কাল দুপুর পর্যন্তও। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলার ভাগ্যটা অনুমান করা গিয়েছিল আগেই। কাল দুপুর ১২টায় ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়ে দিলেন, দিনের খেলা পরিত্যক্ত। আবহাওয়া ভালো থাকলে আজ তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। কিন্তু আকাশে যেভাবে সজল মেঘের ওড়াউড়ি চলছে, তাতে টেস্টের আরেকটি দিনও বৃষ্টির পেটে যাওয়ার ‘আশঙ্কা’ থেকেই যাচ্ছে।
না বাংলাদেশ, না দক্ষিণ আফ্রিকা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামমুখী হওয়ার প্রয়োজনই বোধ করেনি কোনো দল। হোটেলেই কাটল সবার সারা দিন। দল ও বিসিবি সূত্রে যা জানা গেছে, দুই দলই প্রতি আধঘণ্টা অন্তর আবহাওয়ার হালনাগাদ তথ্য জেনে নিচ্ছিল, যদিও দ্বিতীয় দিনের খেলা শুরুর সম্ভাবনা ছিল প্রায় শূন্য। ক্রিকেটাররা নাশতা করতে নিচের তলার রেস্তোরাঁয় নেমেছেন ১০টা নাগাদ। নাশতার টেবিলে চলেছে আড্ডা, হাসি-কৌতুক। তারপর কখনো লবিতে, কখনো প্যাসেজ ধরে একটু হাঁটাহাঁটি, অস্থির পায়চারি আর কী! ফ্যাফ ডু প্লেসির পাশে হাসতে হাসতে মরনে মরকেলকে দেখা গেল লিফটের পাশের প্যাসেজেই ‘শ্যাডো’ করছেন বোলিংয়ের। বাংলাদেশ সফরে আসার পর থেকে চারদেয়ালে বন্দী অস্থির সময়টা যে শুধু লম্বাই হচ্ছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের! কিন্তু কী আর করা, প্রকৃতির ওপর যে কারও হাত নেই।
প্রকৃতির ওপর হাত নেই ঠিকই, কিন্তু প্রকৃতির এই বৈরী সংস্পর্শ এড়িয়ে যাওয়ার একটা উপায় তো ছিল! প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশে এই সময়টা বর্ষাকাল। ভরা বর্ষায় কেন টেস্ট সিরিজ হবে? এই সময়ে ক্রিকেটের সঙ্গে বৃষ্টির এই ‘খেলা’ দেখে তিতিবিরক্ত ক্রিকেট সমাজে প্রশ্নটা এখন জোরালোভাবেই উঠছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সত্যটা জেনেও তাহলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ আর বাণিজ্যের কথা ভেবে ওটা মাথায়ই রাখেনি? বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী তা মানলেন না, ‘অবশ্যই মাথায় ছিল। কিন্তু কিছু করার ছিল না। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিসিবির আলাপ-আলোচনায় এই সিরিজটা ঠিক হয়েছিল দুই-তিন বছর আগে। এই সময়টা এখানে বর্ষাকাল বলে আমরা সূচিটা বিবেচনা করার জন্য তাদের চিঠি দিই গত বছর। কিন্তু ওরা জানিয়ে দেয় আর কোনো ফাঁকা সময় নেই। এ সময় না হলে ওদের সঙ্গে আমাদের হোম সিরিজ খেলতে হতো সেই ২০২৩ সালে।’ এ তো সমাজের সেই গরিব পরিবারটির মতো। উচ্চবিত্ত আর মধ্যবিত্ত প্রতিবেশীরা যাদের শুধু শাসনে রাখে, চোখরাঙানি দেয়!
বিসিবির প্রধান নির্বাহীর যুক্তি, ‘একেবারেই না হওয়ার চেয়ে কিছু খেলা হওয়া খারাপ না। বৃষ্টির কল্যাণে টেস্ট ড্র হওয়ায় আমরা কিছু পয়েন্টও পাচ্ছি, যা ভবিষ্যতে কাজে লাগবে।’ কথাটা ফেলে দেওয়া যায় না। র্যাঙ্কিং-শীর্ষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি টেস্টই বৃষ্টির কল্যাণে ড্র হয়ে গেলে বাংলাদেশ পাবে ৬ পয়েন্ট। তাতে মোট ৪৭ পয়েন্ট হবে। তবে এরপরও ওয়েস্ট ইন্ডিজকে ধরতে হলে অনেক উজানে যেতে হবে বাংলাদেশকে। র্যাঙ্কিংয়ের ৮ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট যে ৮১।
বৃষ্টির বদান্যতায় ড্র—কথাটা শুনে আপত্তি জানাতে পারেন মুশফিকুর রহিম। রোমাঞ্চকর সমাপ্তির দিকে এগোনো চট্টগ্রাম টেস্টকে বৃষ্টি খেয়ে নিলে বাংলাদেশ অধিনায়ক দাবি করেছিলেন, ‘এই টেস্টে আমরাই এগিয়ে ছিলাম!’ এখন বলতে পারেন, ‘আমরাই জিততাম।’ তা জিতলে আরও অনেকই বাড়ত বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট। এই সিরিজটা ১-০ ব্যবধানে জিততে পারলে ১০ পয়েন্ট বেড়ে হতো ৫১ পয়েন্ট। আহ্, সে তো এক স্বপ্নের অর্জন। প্রথম কোনো মহাশক্তির বিপক্ষে টেস্ট জয়!
তবে এ মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের অন্তর্গত ভাষাটি যদি আপনি পড়তে পারেন, দেখবেন বৃষ্টিস্নাত ড্র থেকে ‘স্কোর’ বাড়িয়ে নেওয়ার আকাঙ্ক্ষা সেখানে নেই। ঘটে গেছে সামর্থ্যে অর্জিত জয়ের আকাঙ্ক্ষার অংকুরোদ্গম!