না খেলেই খুশি জোকোভিচ!

অন্য কোনোবার হলে নোভাক জোকোভিচ হয়তো বলে বসতেন, ‘নাহ, এবার খেলতে এসে পয়সা উসুল হলো না!’
|ইউএস ওপেনে এবার এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন সার্বিয়ান তারকা, কিন্তু শেষ করতে পেরেছেন মাত্র দুটি। বাকি তিনটি ম্যাচেই প্রতিপক্ষ চোট পাওয়ায় ‘ওয়াকওভার’ পেয়েছেন জোকোভিচ। কালই যেমন, ফ্রান্সের জো উইলফ্রায়েড সোঙ্গার সঙ্গে কোয়ার্টার ফাইনালও শেষ হলো না। দুই সেট শেষে জোকোভিচ এগিয়ে ছিলেন ৬-৩, ৬-২ গেমে, এমন সময় চোট নিয়ে সরে দাঁড়ান সোঙ্গা। ম্যাচ শেষ করতে না পারায় কিছুটা অতৃপ্তি তো থাকারই কথা র্যাঙ্কিংয়ের এক নম্বর জোকোভিচের।
না, ব্যাপারটা এবার মোটেও সে রকম নয়। ১২টি গ্র্যান্ড স্লামজয়ী ‘জোকার’ এবার নিজেই ইউএস ওপেন খেলতে এসেছেন বাঁ কবজি ও ডান কনুইয়ে চোট নিয়ে। না খেলতে হওয়া তাঁর জন্য বরং বিশ্রামের সুযোগ হয়েই আসছে। কাল ম্যাচ শেষে তাই জোকোভিচ বললেন, ‘এমন চিত্রনাট্যই আমার দরকার ছিল, আমি চেয়েছিলামও। কয়েকটা দিন বাড়তি ছুটি পেয়েছি শরীরের ধকল কাটিয়ে ওঠার।’ এ নিয়ে টানা দশমবার ইউএস ওপেনের শেষ চারে ওঠা জোকোভিচ ধীরে ধীরে ফিরেও পাচ্ছেন নিজেকে, ‘এ মুহূর্তে মনে হচ্ছে, নিজের সেরা অবস্থার খুব কাছে চলে এসেছি, যে অবস্থায় আমি সব সময় থাকতে চাই।’
জোকোভিচের সেমিফাইনাল প্রতিপক্ষ গায়েল মনফিলসের জন্য এটা নিঃসন্দেহে দুঃসংবাদ। অবশ্য কোয়ার্টার ফাইনালে এই ফ্রেঞ্চ টেনিস তারকা ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন লুকাস পুইকে। ইউএস ওপেনে এবার এখন পর্যন্ত কোনো সেট হারেনওনি মনফিলস।
মেয়েদের টেনিসেও ঘটেছে ‘ওয়াকওভারে’র ঘটনা। পরশু সেটির সুবিধা পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। লাটভিয়ার আনাস্তাসিয়া সেবাস্তোভা চোট পাওয়ার আগে অবশ্য কোয়ার্টার ফাইনালে ৬-০, ৬-২ গেমে এগিয়ে ছিলেন ওজনিয়াকিই। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ দুই নম্বর বাছাই অ্যাঞ্জেলিক কারবার, কোয়ার্টারে জার্মান তারকা ৭-৫, ৬-০ গেমে হারিয়েছেন ইতালির রবার্তা ভিঞ্চিকে। বিবিসি।