না খেলেই শীর্ষে সাকিব

সুখবরের সঙ্গে তাঁর দেখা নেই অনেক দিন। ‘নিষিদ্ধ’ জীবনে আপাতত দিন কাটছে অপেক্ষার যন্ত্রণায়। ২৬ আগস্ট বোর্ড সভা হওয়ার কথা, সেদিন আরেকবার নির্ধারিত হবে তাঁর ভাগ্য। নিষেধাজ্ঞা যদি কিছু কমে! এই দুঃসহ প্রহরেই কিছুটা হলেও আনন্দ বয়ে আনল একটি খবর। আবার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব!
নিষেধাজ্ঞার খাঁড়ায় আপাতত মুখেও সেলাই। তবে কথা বলার সুযোগ থাকলেও সাকিবের প্রতিক্রিয়া কী হতো, অনুমান করে নেওয়া যায় সহজেই। ব্যক্তিগত অর্জনে বরাবরই নিস্পৃহ দেখা গেছে তাঁকে। এবার যেভাবে শীর্ষে উঠলেন, সেই প্রক্রিয়া নিস্পৃহতা আরও বাড়িয়ে দেওয়ার কথা। হয়তো চেনা সেই ‘কিছুই হয়নি’ ভঙ্গিতে বলতেন, ‘এ আর এমন কী, খেললামই তো না!’
র্যাঙ্কিংয়ের মজা বলুন বা দুর্বলতা কিংবা বিশেষত্ব, সেটা এখানেই। এবার না খেলেই শীর্ষে সাকিব! র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াইটা বেশ কিছুদিন ধরেই হয়ে গেছে ‘কে কত খারাপ করতে পারে!’ সেটা টেস্টে যেমন, তেমনি ওয়ানডেতেও। ওয়ানডেতে যেমন খারাপ করার পালায় কখনো শীর্ষে উঠেছেন সাকিব, কখনো মোহাম্মদ হাফিজ। টেস্টেও চলছে সেই খেলা। এ বছর সাকিব টেস্টই খেলেছেন মাত্র দুটি, সেটিও সেই জানুয়ারি আর ফেব্রুয়ারিতে। কিন্তু গত ছয় মাসের টেস্ট-খরায়ও থেমে নেই র্যাঙ্কিংয়ে ওঠানামা। এবার তিন থেকে উঠে গেলেন শীর্ষে, কারণ ওপরে থাকা দুজনই খারাপ করেছেন সর্বশেষ টেস্টে। ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২০ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন, উইকেট ৩টি। রেটিং পয়েন্ট ৩৭২ থেকে নেমে হয়েছে ৩৫৭। হারারে টেস্টে ভারনন ফিল্যান্ডার উইকেট পেয়েছেন ১টি, একমাত্র ইনিংসে রান ১৭। ৩৬৫ থেকে রেটিং পয়েন্ট কমে তাই ৩৪৮। সাকিব আগের মতোই ৩৬৪ পয়েন্টে, স্বয়ংক্রিয়ভাবেই তাই শীর্ষে!
সাকিব সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন গত অক্টোবরে, সেটিও ছিল রেটিং পয়েন্ট কমার প্রতিযোগিতার ফল। ওই র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার আগে সাকিবের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন জ্যাক ক্যালিস। সেই ব্যবধান ঘুচে যায় দুজনের দুই রকম পারফরম্যান্সে। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে সাকিব করেছিলেন ১৯ ও অপরাজিত ৫০, উইকেট ২টি। রেটিং পয়েন্ট কমেছিল ৬। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে একটি উইকেটও পাননি ক্যালিস, দুই ইনিংসে রান ৫ ও ০। তাতে ৩৫ রেটিং পয়েন্ট কমে যাওয়ায় পড়ে যান সাকিবের পেছনে। সাকিব অবশ্য পরের মাসেই শীর্ষস্থান হারান ফিল্যান্ডারের কাছে।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবের প্রথম শীর্ষে ওঠাটা অবশ্য ছিল অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি চিরস্থায়ী বন্দোবস্তের মতোই নিজের করে নিয়েছিলেন ক্যালিস। ২০১১ সালে ডিসেম্বরে সেই টানা রাজত্বের অবসান। ৪৫৭ টেস্ট আর ৩৬৯৬ দিনজুড়ে শীর্ষে থাকা ক্যালিসকে সিংহাসনচ্যুত করেন সাকিব। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট কীর্তিতে (১৪৪ ও ৬, দুই ইনিংসে ৭ উইকেট) পাঁচ নম্বর থেকে এক লাফে চূড়ায় উঠে যান সাকিব।
এবার ব্যাটে-বলে তেমন কিছু করার সুযোগ হয়নি। তার পরও সময়টা এমন বিরুদ্ধ যে, নির্লিপ্ত সাকিবের মনেও এটি দোলা দিতে পারে খানিকটা!