না খেলেও খুশি মিরাজ

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচও খেলা হয়নি। উল্টো যাওয়া-আসা মিলিয়ে ২০ দিনের মধ্যে চল্লিশ চল্লিশ আশি ঘণ্টার বিমানভ্রমণ। তবু মেহেদি হাসান মিরাজের মধ্যে রোমাঞ্চের শেষ নেই। সিপিএলে বড় ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুমে ছিলেন, মাঠের বাইরে থেকেও সময়টা উপভোগ করেছেন—এতেই খুশি ১৯ বছর বয়সী বাংলাদেশের ক্রিকেটার।
পরশু সকালে ঢাকায় ফিরে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যোগ দিয়েছেন অনুশীলনে। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি রোমাঞ্চিত মিরাজ, ‘খেলতে পারলে আরও ভালো লাগত। তারপরও অনেক কিছু শিখেছি। ওখানে বিভিন্ন দেশের ভালো ভালো খেলোয়াড় ছিল। তাদের সঙ্গে সময়টা উপভোগ করেছি। সবাই আমাকে নিয়ে মজা করেছে, সাহায্য করেছে। আমি যে বাংলাদেশ থেকে গেছি, সেটা বুঝতেই দেয়নি।’
২০০৭ বিশ্বকাপে ত্রিনিদাদের মাঠে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ দল। সিপিএলে সেই ত্রিনিদাদই ছিল মিরাজের ‘হোম গ্রাউন্ড’। ১০ বছর আগে বয়সে অনেক ছোট ছিলেন। তবু টেলিভিশনে দেখা সে ম্যাচের স্মৃতি তাঁর তাজা হয়ে উঠেছিল কুইন্স পার্ক ওভালে গিয়ে, ‘মাঠে ঢুকেই আপ্লুত হয়ে পড়ি। ঘুরে ঘুরে পুরো স্টেডিয়াম দেখেছি। মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই—তিনজনই ফিফটি করেছিলেন। রাজ্জাক ভাই ৩ উইকেট নিয়েছিলেন। মাশরাফি ভাই ম্যান অব দ্য ম্যাচ...ওই স্মৃতিগুলো মনে ভাসছিল।’
না খেললেও অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজে নিজেই নিজের অনুশীলনটা চালিয়ে গেছেন মিরাজ। সেটা সাদা বলে হলেও তাঁর আশা, আগামী ১০-১২ দিনের অনুশীলনে মানিয়ে নেবেন লাল বলের সঙ্গে। গোপন রাখলেন না অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে রোমাঞ্চটাও, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারা একটা বড় সুযোগ। খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে। অস্ট্রেলিয়া, ভারত অনেক বড় দল। প্রত্যাশা থাকবে ভালো কিছু করার।’
ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই ৬ উইকেট নেওয়া মিরাজ দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেও নিয়েছিলেন ৬টি করে উইকেট। এরপর এবারই আবার প্রথম টেস্ট খেলবেন দেশের মাটিতে। তবে এটা ভেবে সবার প্রত্যাশার পারদ না আবার চড়ে বসে! মিরাজই মনে করিয়ে দিয়েছেন, ‘আমি আগের সিরিজগুলোয় যেভাবে খেলেছি ঠিক সেভাবেই খেলতে চাই। তবে ইংল্যান্ডের বিপক্ষে যেটা হয়েছে সেটা সব সময় করা সম্ভব নয়। জীবনে এক-দুবার হতে পারে। আবার এ রকম না-ও হতে পারে। ওটা ছিল অপ্রত্যাশিত।’