না-জেতা ট্রফিটা জিততে চান তামিম

আগে কখনোই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। দুইয়ের বেশি দল খেলে, এমন প্রতিযোগিতায় বেশ কাছে গিয়েও ট্রফি তোলা হয়নি হাতে। এশিয়া কাপের ফাইনালের সেই ২ রানের আক্ষেপ তো এখনো পোড়ায় দলকে।
এবার একটা সুযোগ এসেছে মাশরাফি বিন মুর্তজার দলের সামনে। ক্ষয়িষ্ণু শ্রীলঙ্কা ও পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে তো ‘ফেবারিট’ তকমা দেওয়াই যায়। বাংলাদেশও এবার নিজেদের ফেবারিট ভাবছে। বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ জয় হবে ২০১৭ সালের অপ্রাপ্তিগুলো মোছার উপলক্ষও।
বাংলাদেশের ওপেনার তামিম ইকবালও মনে করেন ‘ঘরের মাঠে’ বাংলাদেশই ‘ফেবারিট’, ‘আমার কাছে মনে হয়, খুবই আকর্ষণীয় একটা সিরিজ হবে। অন্য যে দুটি দল আছে, দুই দলই ভালো। শ্রীলঙ্কা ভালো, জিম্বাবুয়েও তাদের দিনে ভয়ংকর হতে পারে। বাংলাদেশে খেলা, আমাদের নিজেদের মাঠ। সুতরাং আমাদেরই ফেবারিট হওয়া উচিত। আমার কাছে মনে হয়, গত দু-তিন বছরে আমরা যে রকম সিরিজ খেলে এসেছি, বিশেষ করে দেশের মাটিতে; আমাদের আসলে ফেবারিট হওয়া উচিত।’
টুর্নামেন্ট জয়ের বড় সুযোগ নিয়ে তামিম বললেন, ‘অবশ্যই জেতার আশা করছি। আমরা অবশ্য খুব বেশি ত্রিদেশীয় সিরিজ খেলেনি। তবে একবার ফাইনাল খেলেছিলাম। এটা একটা দারুণ সুযোগ হয়ে আসছে। যে দুই প্রতিপক্ষের সঙ্গে খেলা হবে, তাদের আমরা ভালোভাবে চিনি। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। ওরাও আমাদের জানে অবশ্য। আমরা আরও যে কদিন অনুশীলনের সুযোগ পাব, এই দিনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব, এই কদিনে আমরা দারুণ একটা প্রস্তুতি নিতে পারব।’
বিদায়ী বছর নিয়ে একধরনের পরিতৃপ্তি কাজ করছে তামিমের মধ্যে, ‘আমাদের সফলতা তো ছিলই। তবে আরও ভালো করতে পারতাম। শ্রীলঙ্কায় আমরা সিরিজ ড্র করেছি। ওটা জিততেও পারতাম। ছোট ছোট ভুল ছিল, ভালো ফলও ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছি, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম। শ্রীলঙ্কা সফরটা সব মিলিয়ে ভালো ছিল। ইতিবাচক ছিল।’