না থেকেও আছেন সাকিব

প্রশ্নটা উঠতে পারে জানা ছিল। তাই বলে প্রথম সুযোগেই! বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ব্যাংক কাপে তাই না থেকেও আছেন সাকিব আল হাসান।
ন্যাশনাল স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে ট্রফি উন্মোচন করা হলো। এরপর দুই অধিনায়কের সংবাদ সম্মেলন। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে ওয়েস্ট ইন্ডিজের এক সাংবাদিক প্রথম প্রশ্নটাই করলেন সাকিবকে নিয়ে। সাকিব নেই, তাকে কতটা মিস করবে বাংলাদেশ দল? এসব প্রশ্নের সামনে অধিনায়ককে কূটনীতির আশ্রয় নিতে হয়। মুশফিকও সেটাই করলেন, ‘গত আট-দশ বছর ধরেই সে (সাকিব) আমাদের সেরা খেলোয়াড়। তাকে অবশ্যই মিস করব। তবে ভারতের বিপক্ষে আমাদের সর্বশেষ সিরিজে কিছু তরুণ খেলোয়াড় ভালো খেলেছে। বিশ্বকাপ সামনে। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ওদের আরেকবার দেখে নেওয়ার ভালো একটা সুযোগ।’ তবে তরুণদের ওপর আস্থা রেখেও অধিনায়ক স্বীকার করেছেন, ‘সাকিবকে ছাড়া সিরিজটা কঠিন হবে আমাদের জন্য।’
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক স্মৃতি সুখকর নয়। ২০০৯ সালে তো টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই হোয়াইটওয়াশ হতে হলো। ২০১২ সালে বাংলাদেশ সফরেও হারতে হয়েছে ওয়ানডে সিরিজে। কিন্তু সেই বাংলাদেশ ২০১৪ সালে এসে যেন খেই হারিয়ে ফেলা এক দল! প্রশ্নটা ক্যারিবীয় সাংবাদিকদেরও—কী হয়েছে বাংলাদেশের? মুশফিকের উত্তর, ‘আমরা যখন দেশে ওয়ানডে খেলি, তখন খুবই ভালো খেলি। কিন্তু বিদেশে এলে কিছু সমস্যা হয়। ধারাবাহিকতা থাকে না। সেটা আমাদের মাথায় আছে এবং আমরা ভালো করার চেষ্টা করব। কাগজ কলমে হয়তো আমাদের শক্তি একটু কম, তবে মাঠে ভালো খেলতে পারলে সবই সম্ভব।’
প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশ দলের। তা ছাড়া গত মে-জুনে বাংলাদেশ ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ সফর করে গেছে। সেই দলেরও কয়েকজন ক্রিকেটার আছেন এবারের জাতীয় দলে। সেটা মাথায় রেখেই অধিনায়ক বললেন, ‘কিছুদিন আগে “এ” দল এখানে খেলে গেছে। সেখানকার কিছু খেলোয়াড়ও এবার জাতীয় দলে আছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগবে।’
২০০৯-এর মতো এবারও বাংলাদেশের বিপক্ষে সিরিজের শুরুতে বিতর্ক ছড়িয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে। এবারের বিতর্কটা কোচ ওটিস গিবসনকে নিয়ে। সংবাদ সম্মেলনে অবশ্য এটাকে কোনো সমস্যা মানতে রাজি হলেন না ক্যারিবীয় অধিনায়ক ডোয়াইন ব্রাভো, ‘আমরা পেশাদার ক্রিকেটার। কোচ থাকুন আর না থাকুন, আমাদের খেলতে হবে। এটা তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। তা ছাড়া সহকারী কোচ আছেন, প্রস্তুতিতে সমস্যা হবে না। আজও (গতকাল) ভালো প্র্যাকটিস হয়েছে।’
শুধু কোচ নিয়ে বিতর্ক নয়, স্থানীয় এক সাংবাদিক ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের মতবিরোধ নিয়েও জানতে চাইলেন। ব্রাভো ‘বাজে খবর’ বলে উড়িয়ে দিয়েছেন সেটাও। তবে সিরিজের আগে উড়িয়ে দিতে চাইলেন না বাংলাদেশ দলকে, ‘বাংলাদেশ দলকে আমরা হালকাভাবে নিচ্ছি না। দলটা বিপজ্জনক। তরুণ প্রতিভা আছে অনেক। স্লো উইকেটে ভালো খেলে ওরা। সিরিজটা একপেশে হবে না।’ তবে চোট থেকে ফেরা ব্রাভো এটাও জানিয়ে রাখলেন, ‘গত অক্টোবর-নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পূর্ণ শক্তির দল পাচ্ছি। পোলার্ড, কেমার রোচ, গেইলকে ছাড়া অনেক সিরিজ খেলতে হয়েছে। এই তিনজনই এখন দলে।’
শেষের তথ্যটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য।
সূচি
১ম ওয়ানডে
২০ আগস্ট, গ্রেনাডা
২য় ওয়ানডে
২২ আগস্ট, গ্রেনাডা
৩য় ওয়ানডে
২৫ আগস্ট, সেন্ট কিটস
একমাত্র টি-টোয়েন্টি
২৭ আগস্ট, সেন্ট কিটস
১ম টেস্ট
৫-৯ সেপ্টেম্বর, সেন্ট ভিনসেন্ট
২য় টেস্ট
১৩-১৭ সেপ্টেম্বর
সেন্ট লুসিয়া
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
পরিসংখ্যানের আলোয়
ম্যাচ বাংলাদেশ উইন্ডিজ পরি.
ওয়ানডে ২৫ ৭ ১৬ ২
বাংলাদেশে ১৪ ৪ ৯ ১
ও. ইন্ডিজে ৭ ৩ ৪ ০
নিরপেক্ষ ভেন্যুতে ৪ ০ ৩ ১
সর্বোচ্চ দলীয়
বাংলাদেশ : ২৯২/৬, খুলনা, ২০১২
ওয়েস্ট ইন্ডিজ: ৩১৪/৬, ঢাকা, ১৯৯৯
সর্বনিম্ন দলীয়
বাংলাদেশ: ৫৮, ঢাকা, ২০১১
ওয়েস্ট ইন্ডিজ: ৬১, চট্টগ্রাম, ২০১১
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ: ৪১৫, মুশফিকুর রহিম
ওয়েস্ট ইন্ডিজ: ৫৩৩, মারলন স্যামুয়েলস
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ: ১৮, আবদুর রাজ্জাক
ওয়েস্ট ইন্ডিজ: ২৪, কেমার রোচ
সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ: ১২০, এনামুল হক, খুলনা ২০১২
ওয়েস্ট ইন্ডিজ: ১২৬, মারলন স্যামুয়েলস, ঢাকা, ২০১২
সেরা বোলিং
বাংলাদেশ: ৪/১৬, তাপস বৈশ্য, সেন্ট ভিনসেন্ট, ২০০৪
ওয়েস্ট ইন্ডিজ: ৫/২৯ মারভিন ডিলন, সাউদাম্পটন, ২০০৪