‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে ছিলেন নিরোশান ডিকভেলা। স্বপ্ন একদিন জাতীয় দলে খেলবেন। নিশ্চয়ই ভাবতে পারেননি, স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেবে এত দ্রুত! জাতীয় নির্বাচকদের জরুরি তলব পেয়ে দেশে ফিরলেন মঙ্গলবার। বুধবার জাতীয় দলের অনুশীলনে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ পেয়ে যাচ্ছেন টেস্ট ক্যাপ!
উঠতি উইকেটকিপার-ব্যাটসম্যানকে ‘এসওএস’ পাঠিয়ে দেশে ফেরানোই বলছে, কতটা মরিয়া শ্রীলঙ্কা। ঘরের মাটি বরাবরই লঙ্কানদের দুর্গ। দেশের মাটিতে শ্রীলঙ্কাকে হারানো ক্রিকেট-বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। প্রথম টেস্টে সেই কঠিন কাজটিই অনায়াসে করেছে দক্ষিণ আফ্রিকা। আজ শুরু দ্বিতীয় টেস্টের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব বরাবরই ব্যাটসম্যানদের জন্য মর্ত্যে স্বর্গ, বোলারদের সাক্ষাৎ বধ্যভূমি। ড্র-ই এখানে সবচেয়ে সম্ভাব্য পরিণতি। আর ড্র মানেই তো শ্রীলঙ্কার সিরিজ হার! চেষ্টা করা হচ্ছে তাই রাতারাতি উইকেটের চরিত্র পাল্টানোর। ঘষামাজা করে যদি খানিকটা স্পিন উপযোগী করা যায়!
লঙ্কানদের যা শঙ্কা, দক্ষিণ আফ্রিকার তা হাতছানি। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়! বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সেই ১৯৯৩ সালে প্রথম সফরে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর রাবণ ভূমিতে তিনবারের সফরে আর টেস্ট সিরিজ জিততে পারেনি। অধিনায়ক হয়ে প্রথম সিরিজই সেই দুঃসাধ্য সাধনের খুব কাছে হাশিম আমলা। সিরিজ জিতলে অপেক্ষায় আরও বড় পুরস্কার। অস্ট্রেলিয়াকে টপকে আবারও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের এই সফরের আগে রীতিমতো আকাশে উড়ছিল লঙ্কানরা। বছরটা তাদের কাটছিল স্বপ্নের মতো। বাংলাদেশে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়, এরপর এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন। নতুন মৌসুমে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয় ইংল্যান্ডে গিয়ে। উড়ন্ত লঙ্কানদের বাস্তবের জমিনে নামিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের পর গল দুর্গ জয়। টেস্ট সিরিজ জয়টাকেও এখন মনে হচ্ছে খুবই সম্ভব। লঙ্কান কিউরেটর যতই চেষ্টা করুন, উইকেটের চরিত্র তো আর রাতারাতি পাল্টে দেওয়া সম্ভব নয়। প্রথম সকালের পর ম্যাচজুড়ে তাই ব্যাটিং-সহায়কও হওয়ার কথা উইকেট। আর উইকেট যেমনই হোক, ডেল স্টেইন আছেন না!
স্টেইনের গ্রেটনেস নিয়ে সংশয় ছিল না আগেও। তবে গলের উইকেটে ৯ উইকেট নিয়ে নিজেকে যেন আরও উচ্চতায় নিয়ে গেছেন ‘স্টেইন-গান’। হার বাঁচানোর লড়াইয়ের আগে লঙ্কান অধিনায়কের যথারীতি মনে পড়ল প্রতিপক্ষের সবচেয়ে বড় হাতিয়ারের কথা, ‘স্টেইন অবিশ্বাস্য এক বোলার, যেকোনো অধিনায়কই এমন একজনকে নিজ দলে চাইবে। ফাস্ট বোলার হয়ে গলে ৯ উইকেট পাওয়া চাট্টিখানি কথা নয়। গলের নিষ্প্রাণ উইকেটেও সে আগুন ঝরিয়েছে।’ গলে পারলে সিংহলিজে না পারার কারণ নেই।
স্টেইনের সঙ্গে গলে জ্বলে উঠেছিলেন মরনে মরকেলও। পেস জুটির অগ্নিমূর্তির সামনে নড়বড়ে লঙ্কান মিডল অর্ডার। গলে রান পাননি মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে ফর্মে নেই। চূড়ান্ত রানখরায় থাকা দিনেশ চান্ডিমালকে ‘এ’ দলের জন্য ইংল্যান্ডে পাঠিয়ে উড়িয়ে আনা হয়েছে ডিকভেলাকে। সিংহলিজের উইকেট অবশ্য ভরসা দিতে পারে লঙ্কান মিডল অর্ডারকে। কিন্তু ম্যাচ জিততে হলে তো উইকেটও নিতে হবে! দেশের মাটিতেই তাই এবার কঠিন পরীক্ষা লঙ্কানদের। এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।