নাঈম সেঞ্চুরি করেও ব্যর্থ, কাপালি না পেয়েও সফল
>

রূপগঞ্জকে ৩ রানে হারিয়েছে শেখ জামাল
মোহামেডানকে ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্স
প্রাইম ব্যাংকের কাছে ৭ উইকেটে হেরেছে কলাবাগান
২৩০ রানের সাদামাটা লক্ষ্য তাড়া করতে নেমে অপরাজিত সেঞ্চুরি করলেন, কিন্তু দল জিতল না! কেমন লাগতে পারে? জিজ্ঞেস করুন নাঈম ইসলামকে। জাতীয় দলের বাইরে থাকা এ অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার লিগে আজ ১১৬ রানের অপরাজিত ইনিংস খেললেও জেতেনি তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জ।
বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছিল রূপগঞ্জ। নুরুল হাসান সোহানের ৯০ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৩০ রানে স্কোর দাঁড় করায় শেখ জামাল। ১ রানের জন্য ফিফটি পাননি শেখ জামালের ওপেনার হাসানুজ্জামান। সাদামাটা এ স্কোর তাড়া করতে নেমে ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে জয়ের পথ থেকে ছিটকে পড়েছিল রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়নরা নাঈমের ব্যাটে পথে ফিরলেও শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিততে পারেনি।
৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১১৬ বলে ১১৬ রানের ইনিংস খেলেছেন নাঈম। কিন্তু ৮ উইকেটে ২২৭ রানের রূপগঞ্জের ইনিংস থেমে যাওয়ায় এক প্রান্তে দাঁড়িয়ে দলের হার দেখতে হয়েছে তাঁকে। ৩ রানের জয় তুলে নেয় শেখ জামাল। নাঈমের মতো হতাশা থাকবে আসিফ হাসানেরও। চলতি আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন রূপগঞ্জের এই বাঁহাতি স্পিনার। নবম ওভারের পঞ্চম ও শেষ বলে যথাক্রমে পিনাক ঘোষ ও সৈকত আলীকে ফেরান আসিফ। নিজের পরের ওভারের প্রথম বলে হাসানকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন আসিফ। কিন্তু দল না জিতলে হ্যাটট্রিকের আনন্দ থাকে!
নাঈমের ইসলামের ঠিক উল্টো অভিজ্ঞতা হয়েছে ব্রাদার্স ইউনিয়নের অলক কাপালির। জাতীয় দলের সাবেক এ ব্যাটসম্যান মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি না পেলেও মাঠ ছেড়েছেন দলের জয় নিয়ে। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আগে ব্যাটিংয়ে পাঠায় ব্রাদার্স। শামসুর রহমান শুভর ৮৪ এবং পাকিস্তানি সালমান বাটের ৬২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৩০ রানের স্কোর গড়ে মোহামেডান। শেখ জামালের গড়া একই স্কোর তাড়া করতে নেমে নাঈম ব্যর্থ হলেও কাপালি কিন্তু সফল।
৫১ রানে ৩ উইকেট হারিয়ে পথ হারানোর শঙ্কায় ছিল ব্রাদার্স। কিন্তু কাপালির ৯১ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় তুলে নেয় দলটি। ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান কাপালি।
ফতুল্লায় প্রাইম ব্যাংকের সামনে দাঁড়াতেই পারেনি কলাবাগান ক্রীড়া চক্র। আগে ব্যাটিংয়ে নেমে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল কলাবাগান। দলটি এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। দেলোয়ার হোসেন (৩/৩২) ও শরিফুল ইসলামের (২/৩১) দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেটে ১৭২ রানের স্কোর দাঁড় করায় কলাবাগান। জবাবে ৩৬ ওভারেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। ফিফটি তুলে নেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার জাকির হাসান (৫৬) ও মেহেদী হাসান (৫১)।