নাঈমকে ভুলে যাননি তো নির্বাচকেরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর পর সাদা পোশাকে মাশরাফি বিন মুর্তজা। ছবি: সাদ্দাম হোসেন
তিন বছর পর সাদা পোশাকে মাশরাফি বিন মুর্তজা। ছবি: সাদ্দাম হোসেন

আজ থেকে শুরু ১৯তম ওয়ালটন জাতীয় লিগের প্রথম রাউন্ডে সবচেয়ে বড় আকর্ষণ মাশরাফি বিন মুর্তজা। তিন বছর পর বড় পরিসরের ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। যদিও তাঁর ফেরার উদ্দেশ্য ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকায় রওনা দেওয়ার আগে নিজেকে ঝালিয়ে নেওয়া। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মাশরাফির ফেরার দিনে অসাধারণ ব্যাটিংয়ে আলো কেড়েছেন রংপুরের নাঈম ইসলাম ও ধীমান ঘোষ।

নাঈমের সেঞ্চুরিতে জাতীয় লিগের প্রথম দিনে খুলনার বিপক্ষে ভালো অবস্থানে প্রথম স্তরে উঠে আসা রংপুর। প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের রান ৬ উইকেটে ৩২৫। নাঈম অপরাজিত ১২০ রানে। সেঞ্চুরি পেয়েছেন ধীমান ঘোষও। রংপুরের এই উইকেটকিপার ব্যাটসম্যান করেছেন ১০৫ রান।

আজ খুলনার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন নাঈম ইসলাম। ফাইল ছবি
আজ খুলনার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন নাঈম ইসলাম। ফাইল ছবি

জাতীয় দলের বাইরে থাকা পেসার আল আমিনের বোলিং তোপে ২৩ রানে ২ উইকেট হারায় রংপুর। ধাক্কাটা সামাল দেয় তৃতীয় উইকেটে নাঈম-সাইমন আহমেদের ৭১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ না পাওয়া নাসির হোসেন আবদুর রাজ্জাকের বলে শূন্য রানে ফিরলে রংপুরের স্কোর দাঁড়ায় ৪ উইকেট ৯৪ রান। পঞ্চম উইকেট আরিফুল হক-নাঈমের ৮৩ রান দলকে এগিয়ে নিলেও দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্বটা শুরু এরপরই। নাঈম-ধীমানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট ১৪৭ রান যোগ করে দিনটা নিজেদের করে নিয়েছে রংপুর।
গত জাতীয় লিগ ভালো না গেলেও জানুয়ারিতে বিসিএলে দুর্দান্ত খেলেছেন নাঈম। ৬ ম্যাচে ৮২.১৪ গড়ে ৪ সেঞ্চুরিতে করেন ৫৭৫ রান। নাঈম ছন্দটা ধরে রেখেছেন সীমিত ওভারের ক্রিকেটেও। গত ঢাকা প্রিমিয়ার লিগ লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১০ ম্যাচে ৬৫.৮৭ গড়ে করেন ৫২৭ রান। নাঈমের বছরটা যে ভালো যাচ্ছে, এবার জাতীয় লিগের প্রথম দিনেও সেটি বোঝালেন।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজের বোলিংটা যেহেতু ঝালিয়ে নিতে জাতীয় লিগ খেলছেন মাশরাফি, প্রথম দিনটা খুব একটা ভালো যায়নি তাঁর। ১৩ ওভারে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ওয়ানডে অধিনায়ক।