নাঈমুর চান সচেতনতা

বোর্ড পরিচালক তো ২৫ জনই। কিন্তু তাঁদের মধ্যে যিনি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, তাঁকে যেন একটা আলাদা আলো ঘিরে থাকে সব সময়। তা সেটা এনায়েত হোসেনই হোন, হোন আকরাম খান কিংবা নাঈমুর রহমান।
বিসিবির নতুন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানকে তাই কাল খুঁজে নিল সব ক্যামেরা। নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর এদিনই প্রথম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেন নাঈমুর। জাতীয় দলের অনুশীলনের ফাঁকে মাঠে নেমে কথা বললেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার খালেদ মাহমুদের সঙ্গে। খোঁজখবর নিয়েছেন হাঁটুর অস্ত্রোপচার করে অস্ট্রেলিয়া থেকে ফেরা তামিম ইকবালসহ অন্য ক্রিকেটারদেরও।
চাইলে ক্রিকেট পরিচালনা প্রধান হিসেবে নাঈমুরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার এক টুকরো ছবি মিলিয়ে নিতে পারেন। কোচিং স্টাফের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা এবং ক্রিকেটারদের আরও কাছ থেকে দেখাটাকে যে তিনি তাঁর প্রধান লক্ষ্যগুলোর মধ্যেই রাখছেন! ‘কোচ, ফিজিও, ট্রেনাররা মাঠের পারফরম্যান্সে উন্নতি আনতে সাহায্য করেন, কিন্তু ক্রিকেটারদের মাঠের বাইরের বিষয়গুলোতেও উন্নতি আনা দরকার। তারা হয়তো নিজেরাই জানে না তারা কোন পর্যায়ে আছে। সে ব্যাপারে খেলোয়াড়দের সচেতন করে তোলার চেষ্টা করব। এ ছাড়া বোর্ডের সঙ্গে কোচিং স্টাফের যাতে কোনো দূরত্ব না থাকে, সে চেষ্টাও করব’—বলছিলেন নাঈমুর।
নাঈমুর এর আগে ছিলেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। কিন্তু বয়সভিত্তিক ক্রিকেটটা যেহেতু গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে, এই কমিটির আলাদা কাজ বলতে তেমন কিছুই দৃশ্যমান নয়। তুলনায় ক্রিকেট পরিচালনা কমিটিতেই জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর তাঁর সেরাটা দিতে পারবেন বলে ধারণা সবার। যদিও নাঈমুর ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্ব নিয়ে নতুন কিছু মনে করছেন না, ‘কাজ সব জায়গাতেই করতে হয়। আমার দৃষ্টিতে দুটো একই পর্যায়ে পড়ে। তবে আমাদের সবার কাজেরই প্রতিফলন যেহেতু জাতীয় দলের ফলাফলে প্রকাশ পায়, ক্রিকেট পরিচালনা বিভাগ নিয়ে আলোচনাটা তাই বেশি হয়।’
এই আলোচনা অনেক সময় নেতিবাচক ডালপালাও মেলে। জাতীয় দলকেন্দ্রিক বলেই হয়তো ক্রিকেট পরিচালনা বিভাগের কার্যক্রমে নাক গলাতে চান সবাই। কী এক অদৃশ্য কারণে অন্য বোর্ড পরিচালকেরাও সুযোগ পেলেই হস্তক্ষেপ করতে চান এই কমিটির কাজে। নাঈমুর অবশ্য আভাস দিলেন, তাঁর সময়ে অন্যরা সে রকম সুযোগ খুব একটা পাবেন না, ‘আমি চেষ্টা করব প্রটোকলটা ঠিক রাখার। আমি চাইব ক্রিকেট পরিচালনা বিভাগ-সংক্রান্ত যেকোনো বিষয় প্রথমে আমি জানতে, আমি বোর্ড সভাপতিকে জানাব। আমি দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। অযাচিত কোনো হস্তক্ষেপের সুযোগ এখানে থাকবে না।’