
মোহালিতে দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় স্পিনাররা। বেঙ্গালুরুতেও একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি হতে চলেছিল, প্রোটিয়াদের বাঁচিয়ে দিল বৃষ্টি। আপাতত আবহাওয়ার যা পূর্বাভাস, নাগপুরে আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টে প্রকৃতির হস্তক্ষেপ থাকবে না। তবে কি আরও একবার ভারতের স্পিন-বিষে নীল হতে যাচ্ছে সফরকারীরা?
খেলা মাঠে গড়ানোর আগ পর্যন্ত উইকেট নিয়ে আগাম বলা কঠিন। তবে নাগপুরের ভিসিএ স্টেডিয়ামের কিউরেটর অমর কারলেকার কিন্তু আগামই বলে দিলেন, ‘প্রথম দিন বিকেল থেকেই এখানে বল বাঁক নিতে শুরু করবে।’
বছর তিনেক আগে এ মাঠেই ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টটি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ম্যাড়মেড়ে টেস্টের একটি হয়ে আছে। পুরো পাঁচ দিন খেলার পর সবসুদ্ধ রান উঠেছিল ১০০৮, ওভারপ্রতি ২.২৮। দুই দলের মোট উইকেট পড়েছিল মাত্র ২৩টি! বুঝতেই পারছেন, রান তোলা যতটা কঠিন ছিল, তার চেয়েও কঠিন ছিল উইকেট নেওয়া। কিন্তু কারলেকার এবার সরাসরিই বলে দিলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি, ওই টেস্টের পুনরাবৃত্তি হবে না এবার।’
একদিকে প্রথম দিন থেকেই বল বাঁক নেওয়ার আভাস, অন্যদিকে ম্যাড়মেড়ে টেস্ট না হওয়ার নিশ্চয়তা—সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য এই টেস্ট কিছুটা দুশ্চিন্তার বৈকি!
বল ঘুরবে—এই আভাসের কারণেই হয়তো কাল অনুশীলনে অনেকক্ষণ বল হাতে দেখা গেল ভারতীয় স্পিনার অমিত মিশ্রকে। মোহালিতে প্রথম টেস্টের দলে থাকলেও বেঙ্গালুরুতে ছিলেন না মিশ্র। নাগপুরের উইকেট সম্ভবত আবার ভারতীয় একাদশে জায়গা করে দিচ্ছে তাঁকে। সে ক্ষেত্রে সরে যেতে হতে পারে বেঙ্গালুরু টেস্টে খেলা অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা আর অমিত মিশ্র—তিন ভারতীয় স্পিনারের কাছে কঠিন পরীক্ষাই দিতে হবে হাশিম আমলার দলকে।
দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণের নেতৃত্বে থাকছেন ইমরান তাহির। প্রথম টেস্টে তাঁকে সঙ্গ দিয়েছেন অফ স্পিনার সাইমন হারমার, বাঁ হাতি স্পিনার ডিন এলগার। দুজনের কেউই অবশ্য বেঙ্গালুরু টেস্টে দলে ছিলেন না। তবে নাগপুরে তাঁদের যেকোনো একজন কিংবা দুজনকে একাদশে দেখা গেলে সেটি বিস্ময়কর হবে না।
স্পিন আক্রমণ হচ্ছে উইকেটের দাবি মেনে। তবে বরাবরের মতো সফরকারীদের বড় শক্তির জায়গা পেস আক্রমণ। সহজ ভাষায়, ডেল স্টেইন-মরনে মরকেল জুটি। কিন্তু প্রোটিয়াদের দুর্ভাগ্য, এখন পর্যন্ত দুজনকে একসঙ্গে পাওয়া হয়নি। মোহালিতে স্টেইন ছিলেন, মরকেল ছিলেন চোটে। বেঙ্গালুরুতে মরকেল নামলেন, চোট পেয়ে স্টেইন মাঠের বাইরে। অবশ্য কুঁচকির চোট কাটিয়ে কাল অনুশীলন করেছেন স্টেইন, কিন্তু ম্যাচ খেলার মতো ফিট কি না, সেটা এখনো বলা যাচ্ছে না। বিকল্প হিসেবে ডাকা হয়েছে মার্চেন্ট ডি লাঙ্গেকে।
এমনিতেই সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। বেঙ্গালুরুতে প্রথম দিনের পর ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় চার টেস্টের সিরিজ কার্যত হয়ে গেছে তিন টেস্টের। টিকে থাকতে হলে নাগপুরে কিছুতেই হারা চলবে না প্রোটিয়াদের। কিন্তু হাশিম আমলারা যে এখন পর্যন্ত ভারতীয় স্পিনের প্রতিষেধকই খুঁজে বের করতে পারেননি। যে কারণে সিরিজে এখন পর্যন্ত তিনটি ইনিংসে ২৫০-ই পেরোতে পারেনি তারা।
অথচ বিদেশের মাটিতে গত এক দশকে দক্ষিণ আফ্রিকা দলের পারফরম্যান্স দুর্দান্ত। ২০০৬ সালে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হারের পর বিদেশের মাঠে সর্বশেষ ১৫টি সিরিজের একটিও হারেনি প্রোটিয়ারা। জিতেছে ১০টি সিরিজ, পাঁচটিতে ড্র!
নাগপুরে হেরে গেলে শুধু এই সিরিজটাই হারবে না দক্ষিণ আফ্রিকা, বিদেশের মাটিতে তাদের এই এত দিন ধরে অজেয় থাকার রেকর্ডটাও কিন্তু থেমে যাবে! ক্রিকইনফো, পিটিআই।