নাগপুরের উইকেট 'খারাপ' - আইসিসির প্রতিবেদন

টেস্ট শেষ হয়ে গেছে তিন দিনের মধ্যে। তবে এর রেশ রয়ে গেছে এখনো। কথাটা শুনতে খুবই ভালো লাগত, যদি এই রেশটা খেলার রেশ হতো।
কিন্তু নাগপুর টেস্টের ক্ষেত্রে এমনটা হচ্ছে না। যেটুকু রেশ রয়ে গেছে, তা ওই উইকেটের কারণেই। ‘উইকেট কতটুকু বাজে’—এ নিয়ে এরই মধ্যে অনেক বিতর্ক, অভিযোগ-পাল্টা অভিযোগ হয়ে গেছে। ভারতের জন্য দুঃসংবাদ, এবার টেস্টের ম্যাচ রেফারির রিপোর্টেও উঠে এল, নাগপুরের উইকেট ‘খারাপ’—প্রসঙ্গটি। আর এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে গুনতে হতে পারে জরিমানাও।
নাগপুর টেস্টের ম্যাচ রেফারি জেফ ক্রো তাঁর যে প্রতিবেদন আইসিসির কাছে জমা দিয়েছেন, তাতে উইকেট নিয়ে ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের উদ্বেগের কথা উল্লেখ আছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই নাগপুর উইকেটের বিভিন্ন দিক পরীক্ষা করবে আইসিসি। সংস্থাটির ক্রিকেট মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস ও প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে সব প্রমাণাদি ও ম্যাচের ভিডিও ফুটেজ দেখে নাগপুরের উইকেট ‘খারাপ’ ছিল কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাঁদের সিদ্ধান্তে যদি উঠে আসে যে উইকেট আসলেই খারাপ ছিল, সে ক্ষেত্রে ভারতকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ১৫ হাজার ডলার জরিমানাও করা হতে পারে। প্রতিবেদনটি এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে ১৪ দিন সময় হাতে পাচ্ছে বিসিসিআই।
২০১০ সালে আইসিসি অনুমোদিত ‘পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ পদ্ধতি’ অনুযায়ী সাধারণত চারটি কারণে কোনো উইকেটকে ‘খারাপ’ ঘোষণা করা হতে পারে, যদি ১) ম্যাচের যেকোনো সময়ে উইকেটের কারণে বল খুব বেশি বাঁক খাওয়া (সিম মুভমেন্ট) শুরু করে, ২. ম্যাচের যেকোনো পর্যায়ে উইকেটে খুব বেশি অসমান বাউন্স থাকে, ৩. উইকেট স্পিন বোলারদের খুব বেশি সহায়তা করে, বিশেষত ম্যাচের শুরুর দিকে ৪. ম্যাচের কোনো পর্যায়ে যদি এমন হয় যে, উইকেটে কোনো ধরনের সিম মুভমেন্ট বা কোনো স্পিন নেই, কিংবা বল পিচে পড়ার পর ঠিকভাবে উঠছে না বা বাউন্স একেবারেই নেই, যা ব্যাট-বলের লড়াইয়ে সমতা থেকে বোলারদের বঞ্চিত করে।
নাগপুর টেস্টে দুই দলের ৪০ উইকেটের ৩৩টিই গেছে স্পিনারদের দখলে। দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসে ২০ উইকেটের সবগুলোই পেয়েছে ভারতীয় স্পিনাররা। দুই দল কোনো ইনিংসেই আড়াইশ করতে পারেনি। পুরো টেস্টে দুই দলের কোনো ব্যাটসম্যান ফিফটিও করতে পারেননি, ভারতের পিচে কোনো টেস্টে এমন ঘটনা এই প্রথম। দক্ষিণ আফ্রিকা তাঁদের প্রথম ইনিংস খেলেছে প্রথম দিনের শেষ ও দ্বিতীয় দিনের শুরুর অংশে। প্রথম দিন থেকেই পিচে এত স্পিন ছিল যে, একটা সময় ১২ রানেই ৫ উইকেট হারানো প্রোটিয়ারা ওই ইনিংসে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে গিয়েছিল, ভারতের বিপক্ষে টেস্টে যা কোনো দলের সর্বনিম্ন স্কোর।
উপমহাদেশের উইকেটে স্পিনারদের দাপট স্বাভাবিক ধরে নিয়েও নাগপুরে এমন ‘অস্বাভাবিক’ স্পিন বেশ বিতর্ক তুলে দিয়েছিল। টুইটারে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক খেলোয়াড়েরা এই উইকেটকে ‘নারকীয়’ বলে অভিহিত করেছিলেন। ঘরের মাঠের সুবিধা তুলে নিতে ভারত ‘স্বাধীনতার অপব্যবহার’ করছে কিনা সেই বিতর্কও উঠে গিয়েছিল। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও দলের পরিচালক রবি শাস্ত্রী অবশ্য বারবারই উইকেট নিয়ে এই বিতর্কে তাঁদের হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন।
বিস্ময় প্রকাশ করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তাও। গত অ্যাশেজে ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রসঙ্গ টেনে এনে ইএসপিএন ক্রিকইনফোকে ওই কর্মকর্তা বলেছেন, ‘ট্রেন্ট ব্রিজের ওই টেস্টও তো দুই দিনে শেষ হয়ে গিয়েছিল। বুঝতে পারছি না এখানে এমন রেটিং কেন এল!’ নাগপুরের পিচে বাউন্স ও বলের সিম মুভমেন্টও ছিল বলে দাবি করেছেন তিনি।
বিসিসিআইয়ের এই কর্মকর্তা ভবিষ্যতে এমন বিতর্ক এড়াতে সম্ভাব্য একটা সমাধানও দিয়ে দিয়েছেন। ‘হোম অ্যাডভান্টেজে’র নামে কোনো দল যেন অযৌক্তিক সুবিধা না নিতে পারে সেটি নিশ্চিত করতে আইসিসির পক্ষ থেকে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে উইকেট পরিদর্শক নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি, ‘আইসিসির উচিত ৫-৬ জন উইকেট পরিদর্শক নিয়োগ করা। যেকোনো সিরিজের অনেক আগেই এই পরিদর্শকদের পাঠিয়ে দেওয়া হবে। তাঁরা উইকেট দেখে, এর প্রকৃতি ও নির্দিষ্ট ভেন্যুর আবহাওয়া বুঝে সিদ্ধান্ত দেবেন। এটাই ঘরের মাঠের অতিরিক্ত সুবিধা নেওয়া বন্ধ করার একমাত্র পথ।’ তথ্যসূত্র: বিবিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকইনফো।