নাজমুলের কৃতিত্ব আর আছে মাত্র ১৩ জনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাবাহিকভাবে হেসে চলেছে নাজমুলের ব্যাট। ছবি: বিসিবি
ধারাবাহিকভাবে হেসে চলেছে নাজমুলের ব্যাট। ছবি: বিসিবি

অনূর্ধ্ব-১৯ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আজ বাংলাদেশের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে হাজার রান পূর্ণ করলেন নাজমুল হোসেন শান্ত। আর যুবাদের ওয়ানডে ইতিহাসে তিনি মাত্র ১৪তম ক্রিকেটার। নাজমুলের আগে এক হাজার রানের মাইলফলক অতিক্রম করেছিলেন কেবল এনামুল হক (১৩২৬ রান), মোসাদ্দেক হোসেন (১১৮৫ রান) ও মাহমুদুল হাসান (১১৬৮ রান)। 
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলতে নামার আগে নাজমুলের ক্যারিয়ার পরিসংখ্যান ছিল ৩২ ম্যাচে ৯৬৬ রান। তার চেয়ে বেশি রান ছিল ১৭ জনের। নাজমুলের ঠিক ওপরেই ছিলেন ভারতের বিরাট কোহলি, ৯৭৮ রান করে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৪৫ রান করে যুবাদের ওয়ানডে ক্রিকেটে হাজার রান স্পর্শ করেন।
বলতে পারেন, এক হাজার রান করার খবর এত গুরুত্ব দিয়ে জানানোর কী আছে। আছে। একে তো যুবাদের ওয়ানডে (ইয়ুথ ওডিআই) খুব বেশি হয় না। তার ওপর যুবদলে একজন ক্রিকেটার খুব বেশি দিন খেলেনও না। হয় জাতীয় দলে ঢুকে পড়েন, কিংবা আর যুবদলে থাকার বয়স থাকে না।
এ কারণেই এখন পর্যন্ত যুবাদের আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে ৩ হাজার ৪৫১ জন ক্রিকেটারের। এর মধ্যে মাত্র ১৪ জন ক্রিকেটার করেছেন হাজার রান। আর এই ১৪ জনের মধ্যে সর্বোচ্চ ৪ জনই বাংলাদেশের। পাকিস্তানেরও অবশ্য ৪ জন আছে। এ ছাড়া ভারতের ৩ জন এবং দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের একজন হাজার রান করেছেন।
আজ নাজমুল শুধু ব্যাট হাতেই সফল ছিলেন না, বল হাতেও ছিলেন সফল। ৭ ওভার বল করে ১ মেডেন নিয়ে ১৯ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও তার হাতেই উঠেছে। ১৭ বছর বয়সী এই সম্ভাবনাময় ব্যাটসম্যান বছরের শুরুতেই শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৪টি ফিফটিও করেছিলেন।