নাজমুলের রেকর্ড নিয়ে শেষ আটে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির আনন্দ এমন বাঁধভাঙাই হয়! এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির পর নাজমুল যেন আকাশই ছুঁতে চাইলেন। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে l ছবি: শামসুল হক
সেঞ্চুরির আনন্দ এমন বাঁধভাঙাই হয়! এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির পর নাজমুল যেন আকাশই ছুঁতে চাইলেন। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে l ছবি: শামসুল হক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচটি খেলতে নেমেছিল দুটি রেকর্ড গড়ার সম্ভাবনা নিয়ে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম মেহেদী হাসান মিরাজকে বোলিংয়ের রেকর্ডটি আরেকটু অপেক্ষায় রাখল। তবে যুব ওয়ানডে ব্যাটিংয়ের রেকর্ডটিকে আরেকজন ঠিকই আপন করে পেলেন—নাজমুল হোসেন, যাঁর ডাকনাম শান্ত। দলের জয়ের আগে যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের ব্যক্তিগত রেকর্ড, তা-ও দুর্দান্ত এক সেঞ্চুরি করে। নাজমুলকে তৃপ্তিটা ছুঁয়ে গেল একেবারে কানায় কানায়।
উদ্যাপনের উপলক্ষ নাজমুল পেয়েছিলেন দুবার। প্রথম উদ্যাপনে সৌম্য-শান্ত থাকা নাজমুল দ্বিতীয় উদ্যাপনে হয়ে উঠলেন ‘অশান্ত’! প্রথম উদ্যাপনটা করেছেন রেকর্ড ভেঙে, দ্বিতীয়টি সেঞ্চুরি করে। তবে স্কটল্যান্ডের আজিম দার আউট হওয়ার পর দলীয় উদ্যাপনটাই নাজমুলের মনে দাগ কাটতে পারে বেশি। আজিম আউট হতেই যে ১১৪ রানের জয় নিশ্চিত হলো বাংলাদেশ যুবদলের। এতে নিশ্চিত হলো চতুর্থবারের মতো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখাও।
৩৮তম ওভারে নিল ফ্ল্যাককে বাউন্ডারি মেরেই রেকর্ডের পাতায় নাম লিখিয়ে ফেলেন নাজমুল। পাকিস্তানের সামি আসলামের সর্বোচ্চ ১৬৯৫ রান টপকে নাজমুল যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের নতুন মালিক। এতে বেশি খুশি দেখাল অন্য প্রান্তে থাকা মিরাজকে। আনন্দে তো নাজমুলকে দু-দুবার জড়িয়ে ধরলেন অধিনায়ক! ম্যাচ শেষে নাজমুলই বললেন, ‘রেকর্ড হয়ে গেলে ও ইমোশনাল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, রেকর্ডটা সে করেছে। মিরাজ সব সময় আমাকে সহায়তা করে।’
এমনিতে নাজমুল-মিরাজ ঘনিষ্ঠ বন্ধু। বহুদিন ধরে একসঙ্গে খেলছেন দুজন। বন্ধুর এমন অর্জনেও তাই খুশির ঢেউ খেলে গেল মিরাজের মুখে, ‘আমরা একসঙ্গে ছয় বছর ধরে খেলছি। মনে-প্রাণে চাচ্ছিলাম ও রেকর্ডটা ভাঙুক। সেঞ্চুরি করুক। ও যখন রেকর্ডটা ভাঙল, খুবই রোমাঞ্চিত ছিলাম। মনে হচ্ছিল আমিই রেকর্ড করেছি!’
মজার ব্যাপার, দুই ব্যাটসম্যান যখন একে অন্যকে আলিঙ্গনে বাঁধলেন, গ্যালারির হাজার খানেক দর্শকও বুঝতে পারেননি ঘটনা আসলে কী! বুঝলে সবাই নিশ্চয়ই করতালির বৃষ্টিতে ভাসাতেন নাজমুলকে!
নাজমুলের এই রেকর্ড ভাঙার খবর সামি পেয়েছেন কি না, বলার উপায় নেই। পেয়ে থাকলে পাকিস্তানি ওপেনারের স্মৃতিতে উজ্জ্বল হয়ে উঠতে পারে ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া সেই ত্রিদেশীয় সিরিজ। সাবেক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ অধিনায়কের সেটি মনে পড়বে ব্যক্তিগত ও দলীয় অর্জনের কারণেই। ওই সিরিজে সামি করেছিলেন সর্বোচ্চ ৪০৯ রান। সিরিজটাও জিতেছিল পাকিস্তান। ওই সিরিজে খেলেছিলেন নাজমুলও। সেবার ব্যাটটা অনুজ্জ্বলই ছিল তাঁর, করেছিলেন ১৪৭ রান।
এরপর আর দুজনের দেখা হয়নি। তবে নাজমুল যদি ভবিষ্যতে খেলতে পারেন জাতীয় দলে আর সামিও যদি নিয়মিত হন পাকিস্তান দলে, ভবিষ্যতে সামির মুখোমুখি হয়ে সেই ত্রিদেশীয় সিরিজে নিজের অপ্রাপ্তি ঘোচানোর সুযোগটা তাঁর কাছে আসবেই। তবে আপাতত সামিকে হারানোর একটি তৃপ্তি তো নাজমুলের সঙ্গী। অবশ্য নাজমুল জানালেন, রেকর্ড-টেকর্ডের কথা ভেবে তিনি মাঠে নামেননি, ‘রেকর্ডের কথা কালই (পরশু) জানলাম। তবে করতেই হবে, এ ভাবনা ছিল না। যেহেতু রেকর্ড হয়েছে, ভালো লাগছে।’
সামির চেয়ে যুব ওয়ানডেতে অবশ্য ১৪টি ম্যাচ বেশি খেলেছেন নাজমুল। তবে তাতেও তাঁর রেকর্ড ম্লান হয়ে যাচ্ছে না। বয়স ১৮, সামনে আরও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার সুযোগ আছে। তবে নাজমুল নিশ্চয়ই নিজেকে বয়সভিত্তিক ক্রিকেটে বেঁধে রাখতে চাইবেন না।
যুব বিশ্বকাপে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ফিরেছিলেন ৭৩ রানে। কাল আর সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেননি। খেলেছেন ১১৩ রানের ঝলমলে এক ইনিংস। যুব ওয়ানডে ক্যারিয়ারে এটাই তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ। ১৭ রানের পর দল যখন বেশ চাপে, সাইফ হাসানের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১০১ ও মিরাজের সঙ্গে চতুর্থ উইকেটে ১০০ রানের আরেকটা জুটি গড়ে দলকে টেনে নিয়েছেন সামনে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের যুবাদের রান শেষ পর্যন্ত হয়েছে ২৫৬।
কক্সবাজারের উইকেটে এই রান তাড়া করা কতটা কঠিন, স্কটিশ যুবারা ব্যাট করতে নেমে হাড়ে হাড়েই টের পেয়েছেন। বাংলাদেশের স্পিন আক্রমণে নাকাল স্কটিশদের শম্বুকগতিতে চলা ইনিংস শেষ হয় ১৪২ রানে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন এই সাফল্য-ধারাই বয়ে নিয়ে যেতে চাইবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যেখানে হয়তো আলো জ্বলবে আরও বড় সাফল্যের।