নাজমুলের সেঞ্চুরি
প্রায় হাতের মুঠোয় উঠে আসা ম্যাচটা হাতছাড়া হলো বৃষ্টি-বাধায়। ইংল্যান্ড সফরটা তাই জয় দিয়ে শুরু করতে পারল না বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। পরশু নটিংহামে সফরের প্রথম ম্যাচে এইচপির প্রতিপক্ষ ছিল নটিংহামশায়ার দ্বিতীয় একাদশ। অধিনায়ক নাজমুল হোসেনের (শান্ত) সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৬ রান তোলে এইচপি। স্বাগতিকেরা ৩৭ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান তোলার পর আলোকস্বল্পতা ও বৃষ্টিতে খেলা আর হয়নি।
টস হেরে ব্যাট করা এইচপি প্রথম উইকেট হারায় ১৭ রানে। এরপর ওপেনার সাদমান ইসলামকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩১.৪ ওভারে ১৬৪ রান যোগ করেন নাজমুল। ১১০ বলে ৮৪ রান করে লং অনে ক্যাচ দিয়েছেন সাদমান। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রানআউট হওয়ার আগে ১২৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ১০৬ করেন অধিনায়ক। এইচপির রান ৩০০ পেরিয়েছে সাইফউদ্দিনের ১৬ বলের ৩৩ রানের ঝোড়ো ইনিংসে।
নটিংহামশায়ারের ৬ উইকেট ভাগাভাগি করেছেন ইবাদত হোসেন, মেহেদী হাসান ও জুবায়ের হোসেন।