নাজমুলের সেঞ্চুরি, দিনটি বাংলাদেশের উদীয়মানদের

>খুলনায় আনঅফিশিয়াল টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের স্কোর ৪ উইকেটে ২৩৩ রান। নাজমুল শান্ত অপরাজিত ১২৪ রানে
কাল নির্বাচক হাবিবুল বাশার বলছিলেন, ‘(নাজমুল হোসেন) শান্তকে আমাদের পরবর্তী সম্ভাবনা হিসেবে চিন্তা করেছিলাম। সে খেলেছেও অনেক জায়গায় কিন্তু প্রত্যাশা মতো ভালো করতে পারেনি।’ নাজমুল নির্বাচকদের রাডারে ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর থেকেই। জাতীয় দলের ড্রেসিংরুমে ঠাঁই হয়েছে তাঁর একাধিকবার। তবুও জায়গাটা পোক্ত করতে পারেননি। নাজমুল অবশ্য থেমে নেই। চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই চেষ্টার অংশ হিসেবে আজ ঝলমলে একটা ইনিংস এল তাঁর ব্যাট থেকে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে নাজমুলের অপরাজিত ১২৪ রানের ইনিংসের সৌজন্যে দিনটা হাসিমুখে শেষ করতে পেরেছে বাংলাদেশের উদীয়মানরা। প্রথম দিন শেষে বাংলাদেশ ইমার্জিং দলের স্কোর ৪ উইকেটে ২৩৩ রান।
দলের ১২ রানে ওপেনার নাঈম শেখকে হারানোর পর বাংলাদেশ ইমার্জিং দলকে এগিয়ে নেয় সাইফ হাসান-নাজমুলের দ্বিতীয় উইকেট জুটি। এ জুটিতে আসে ৬৯ রান। ১৮ রানে সাইফ ফিরে গেলে পুরো দিনে নাজমুলকে আউট করতে পারেননি শ্রীলঙ্কান বোলার। বাংলাদেশের আরেক উদীয়মান আফিফ হোসেনের সঙ্গে নাজমুলের চতুর্থ উইকেট জুটিতে ৯৯ রান যোগ করে দিনটা নিজেদের করে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। আফিফ আউট হয়েছেন ৫৪ রান করে।