নাজমুলের 'প্রথমে' আবাহনীর টানা দ্বিতীয় জয়

খুব লম্বা ক্যারিয়ার নয় নাজমুল হোসেন শান্তর। গত নিউজিল্যান্ড সফরে অভিজ্ঞতা সঞ্চয় করতে গিয়ে খেলা হয়ে গেছে একটি টেস্ট। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে দেশের জার্সিতে এখনো খেলা হয়নি অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটারের। এখনো আছেন সেই অপেক্ষায়, তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে একটা অপেক্ষার সমাপ্তি হয়েছে নাজমুলের। আজ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পেয়েছেন নিজের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি। তাঁর সেঞ্চুরিতেই পারটেক্স স্পোর্টিংকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৫টি ম্যাচ খেলেছেন নাজমুল। ৪টি ফিফটিসহ তাঁর গড় ৩০-এর একটু বেশি। আজ পারটেক্সের বিপক্ষে তিনি অপরাজিত থাকেন ১০১ রান করে। ১৪৭ মিনিট ও ১০৯ বলের এই ইনিংসে বাউন্ডারি মেরেছেন ৫টি, ছক্কা ৪টি। টসে জিতে প্রথমে ব্যাট করা পারটেক্সের ২৩৪ রান টপকে যাওয়া আবাহনীর জন্য সহজ হয় নাজমুল আর মাহমুদউল্লাহর ১৫০ রানের জুটির ওপর ভর করেই। মাহমুদউল্লাহ ৫২ বলে করেন ৭৭ রান। শেষ দিকে মোসাদ্দেকের অপরাজিত ২৩ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।
এর আগে পারটেক্সের ২৩৪ রানের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেন জুবায়ের হোসেন। ৪৪ রান করেন সাজ্জাদ হোসেন। ভারতীয় ক্রিকেটার যশপাল সিং করেন ৩৩ রান। এ ছাড়া তারিক আহমেদ ও জাকারিয়া মাসুদ-দুজনেই করেন ২৫ রান।
আবাহনীর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও শুভাগত হোম চৌধুরী। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম।