নাজমুল-নাঈমের পর ধীমানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাঈম ইসলাম তিনে তিন পেয়ে গিয়েছিলেন পরশুই। টানা তিন ম্যাচেই সেঞ্চুরি করেছেন বিসিবি উত্তরাঞ্চলের এই ব্যাটসম্যান। ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের প্রথম ইনিংসেও সেঞ্চুরি হয়ে গেল তিনটি। নাজমুল হোসেন শান্ত ও নাঈমের পর কাল সিলেটে তৃতীয় দিনে সেঞ্চুরি করেছেন ধীমান ঘোষ। এই ত্রয়ীর সেঞ্চুরি ও দশে নেমে আলাউদ্দিন বাবুর ফিফটিতে ৫৩৭ রানের পাহাড় গড়েছে উত্তরাঞ্চল। এরপর দ্বিতীয় ইনিংসে ওয়ালটন মধ্যাঞ্চলের ৮ উইকেট তুলে নিয়ে জয়টাকে প্রায় হাতের মুঠোয় নিয়ে এসেছে উত্তরাঞ্চল।
৮ উইকেটে ২২৯ রান তুলে দিন শেষ করেছে মধ্যাঞ্চল। ইনিংস হার এড়াতেই দলটিকে আরও ১২৭ রান করতে হবে। ইনিংসের শুরুটা অবশ্য ভালোই ছিল মধ্যাঞ্চলের। সাইফ হাসান ও আবদুল মজিদ উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৭০ রান। নাঈমের বলে মজিদ স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার পর মেহরাব জুনিয়রকে নিয়ে আরও ৫৩ রান যোগ করেন সাইফ। মধ্যাঞ্চল চা-বিরতিতে যায় ১ উইকেটে ১২৩ রান নিয়ে। চা-বিরতির পর এসেই বিপর্যয়। ১২৩ রানেই আউট মেহরাব, দুই ওভার পরে বোল্ড দুই ইনিংসেই ফিফটি পাওয়া সাইফ। দুজনই মিডিয়াম পেসার আলাউদ্দিনের শিকার। ১৮৭ রানে অষ্টম উইকেট পড়ার পর মোহাম্মদ শরীফকে নিয়ে প্রতিরোধ গড়েছেন তানভীর হায়দার। অবিচ্ছিন্ন নবম উইকেটে ৪২ রান যোগ করেছেন দুজন।
এর আগে ৬ উইকেটে ৪২২ রান নিয়ে দিন শুরু করা উত্তর ২৫.৫ ওভারে আরও ১১৫ রান যোগ করে অলআউট। নাঈমের ২১তম প্রথম শ্রেণির সেঞ্চুরিটা থেমেছে ১৪২ রানে। উইকেটকিপার ব্যাটসম্যান ধীমান ১৩২ বলে ১৪ চারে করেছেন ১১৩ রান। ধীমানের এটি একাদশ সেঞ্চুরি।
চট্টগ্রামে ম্যাচ বাঁচানোর ব্রত নিয়েই শেষ দিনটা খেলতে হচ্ছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণ। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৯৮ রানে পিছিয়ে দলটি।
৪ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শুরু করা পূর্বাঞ্চল আর মাত্র ৩ উইকেট হারিয়ে ৫২৩ রানে ইনিংস ঘোষণা করে। সেঞ্চুরিতে আফিফের সঙ্গী হতে পারেননি আর কেউ। তবে কাল ব্যাট করা পাঁচ ব্যাটসম্যানের তিনজনই ফিফটি পেয়েছেন। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ১০৪ রান যোগ করেছেন সাইফউদ্দিন ও রাহাতুল ফেরদৌস।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল: ১৮১ ও ৬৪ ওভারে ২২৯/৮ (সাইফ ৭০, মজিদ ৪৩, তানভীর ৪২*; আলাউদ্দিন ৪/৫৫, নাঈম ১/৭, রেজা ১/২৭, ইয়াসিন ১/২৭, সানজামুল ১/৮৯)। উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৩৪.৫ ওভারে ৫৩৭ (নাঈম ১৪২, নাজমুল শান্ত ১২৩, ধীমান ১১৩, আলাউদ্দিন ৫৪, জুনায়েদ ৪১, জহুরুল ৩৫; মোশাররফ ৩/১২৫, শরীফউল্লাহ ২/৬৫, শাহাদাত ২/১১১, শরীফ ২/১২৫, তাইবুর ১/৮০)।
দক্ষিণাঞ্চল: ২৯৬ ও ৮ ওভারে ২৯/০ (এনামুল ২৩*)। পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৭৮ ওভারে ৫২৩/৭ ডি. (আফিফ ১৩৭, তাসামুল ৯৮, অলক ৬৬, রাহাতুল ৬০*, সাইফউদ্দিন ৫০*, আবুল হাসান ৪১, ইয়াসির ৩৫; অপু ২/৯৮, রাজ্জাক ২/১৩৫, জিয়া ১/৪২, আল আমিন ১/৯৫, নাহিদুল ১/৯৮)।