পরবর্তী আইসিসি সভাপতি হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাব করেছিল নাজাম শেঠির নাম। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শেঠি তাঁর বদলে সাবেক কোনো পাকিস্তানি টেস্ট ক্রিকেটারকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার সুপারিশ করেছেন পিসিবির কাছে।
গত এপ্রিলে আ হ ম মুস্তফা কামালের পদত্যাগের পর শূন্য রয়েছে আইসিসির সভাপতি পদটি। পরবর্তী সভাপতি হওয়ার কথা পাকিস্তান থেকে। পিসিবি নাজাম শেঠির নামই প্রস্তাব করেছিল আইসিসির কাছে। নিয়মানুযায়ী আগামী ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন নতুন সভাপতি। সে হিসেবে চলতি মাসের শেষ দিকে বোর্ডের সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা ছিল আইসিসির। এমনকি আইসিসি সভাপতির কী দায়িত্ব, সে সম্পর্কেও নাকি মাস ছয়েক আগেই ধারণা দেওয়া হয়েছিল শেঠিকে।
প্রসঙ্গত, শেঠির মেয়াদ শেষে ২০১৬ সাল থেকে সভাপতি পদে সাবেক টেস্ট ক্রিকেটারদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোকে বলে দিয়েছিল আইসিসি। মুস্তফা কামালের পদত্যাগের পর অবশ্য এই মেয়াদ থেকেই সেটি করার কথা ভাবতে শুরু করে আইসিসি। কিন্তু পিসিবি নাজাম শেঠিকেই তাদের পছন্দ বলে জানায়। এমন অবস্থায় শেঠি নিজেই ঘোষণা দিলেন সভাপতি হবেন না।
প্রথমে নিজের টুইটারে ঘোষণাটি দেওয়ার পর আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনকে চিঠি লিখেও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সাবেক পিসিবি সভাপতি। চিঠিতে লিখেছেন, ‘আইসিসি যেহেতু ঘোষণা দিয়েছে পরের বছর থেকে সভাপতি পদটা শুধু সংশ্লিষ্ট দেশের বিখ্যাত কোনো সাবেক টেস্ট ক্রিকেটারের জন্যই উন্মুক্ত, আমার মনে হয়েছে এটা এখন থেকেই কার্যকর করা উচিত। যাতে পাকিস্তানের বিখ্যাত কোনো ক্রিকেটার এ সম্মানটা পান। এমন পরিস্থিতিতে আমি আইসিসি সভাপতি পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলাম। একই সঙ্গে পিসিবিকে অনুরোধ করছি আমার বদলে পাকিস্তানের সাবেক কোনো টেস্ট ক্রিকেটারকে মনোনয়ন দেওয়ার।’
কিছুটা দেরিতে নিজের সিদ্ধান্ত জানানোর জন্য দুঃখ প্রকাশও করেছেন শেঠি। ক্রিকইনফো।