নাটক জমতে জমতেও জমল না

জমবে কীভাবে! মার্কাস স্টয়নিসই যে আজ রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন দ্রুত! নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচে তাই নাটক জমে ওঠার পূর্বাভাস থাকলেও শেষ অঙ্কটায় কোনো ক্লাইম্যাক্স থাকল না। প্রথমে ব্যাট করে ২৮১ রান তোলা নিউজিল্যান্ড ম্যাচ জিতল ২৪ রানের ‘বড়’ ব্যবধানে। ব্যবধানটাকে কেন বড় বলা হচ্ছে, সেটা সিরিজের প্রথম ম্যাচের খবর যাঁরা রেখেছেন, তাঁরা জানেন ভালো করে।
প্রথম ম্যাচে শেষ দিকে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ৬ রানে ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচটা তো বৃষ্টিতেই ভেসে গেল। আজ সিরিজে টিকে থাকার ম্যাচেও শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৮ রানে হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। সেখান থেকেই সপ্তম আর অষ্টম উইকেটে যোগ করল ৭৫ রান!
স্টয়নিস এবার ৪২ রান করে ফিরে গেলেও প্যাট কামিন্স লড়ছেন। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে তাঁর ৫১ রানের জুটিটা তো জয়ের আশাও জাগিয়েছিল। ৭ উইকেটে ২৪৯—জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার আর মাত্র ৩৩ রান! কী আশ্চর্য, বলও বাকি ৩৩! সেখান থেকেই ম্যাচটা নিজেদের দিকে ঘুরিয়ে নিলেন ট্রেন্ট বোল্ট। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পাওয়ার ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংটাই করলেন। নিজের ৯ বলের মধ্যে তুলে নিলেন শেষ ৩ উইকেট!
রস টেলরের রেকর্ড ছোঁয়া ১০৭ রানের ইনিংসের পরও তাই ম্যাচসেরা হলেন বোল্টই। নিউজিল্যান্ডের পক্ষে এর আগে ওয়ানডেতে এক ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন কেবল তিনজন—স্টক স্টাইরিস, শেন বন্ড ও টিম সাউদি।
টেস্টে মার্টিন ক্রোর সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় থাকা টেলর ওয়ানডেতে নিউজিল্যান্ডের রেকর্ড আজ ছুঁয়ে ফেলেন। এত দিন ১৬ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে ছিলেন নাথান অ্যাস্টল। টেস্টেও টেলরের ১৬টি সেঞ্চুরি। ক্রোর ১৭টি। সূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮১/৯ (টেলর ১০৭, ব্রাউনলি ৬৩, উইলিয়ামসন ৩৭, স্যান্টনার ৩৮*; স্টার্ক ৩/৬৩, ফকনার ৩/৫৯, হ্যাজলউড ২/৪৪)।
অস্ট্রেলিয়া: ৪৭ ওভারে ২৫৭/১০ (ফিঞ্চ ৫৬, হেড ৫৩, স্টয়নিস ৪২, স্টার্ক ২৯*, কামিন্স ২৭; বোল্ট ৬/৩৩, স্যান্টনার ২/৫০)।
ফল: নিউজিল্যান্ড ২৪ রানে জয়ী (সিরিজ ২-০)।
ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট।